নোয়াখালীতে জোড়া লাগা যমজের জন্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিল উপজেলা সদরের বেসরকারি এহ্ছানিয়া হাসপাতালে জোড়া লাগা যমজ ছেলেসন্তানের জন্ম দিয়েছেন মারজাহান বেগম (২০) নামের এক নারী। শিশু দুটির মাথা দুটি হলেও হাত তিনটি ও পা দুটি।
হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসক মন্তাজুল মান্নানের তত্ত্বাবধানে অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া লাগা শিশুর জন্ম হয়। পরে চিকিৎসকেরা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে বাবা ফরিদ উদ্দিন জোড়া লাগা যমজকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন।
চিকিৎসক মন্তাজুল মান্নান বলেন, শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে ওই নারী প্রসবব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া লাগা যমজের জন্ম হয়। তিনি বলেন, তাদের ওজন প্রায় চার কেজি। দুটি মাথায় চোখ, কান, নাক ও মুখ সবই ঠিক আছে।
হাসপাতাল সূত্র জানায়, নবজাতকের মা বর্তমানে এহ্ছান হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ভালো আছেন। তাঁকে এখনো নবজাতকের অবস্থা সম্পর্কে জানানো হয়নি।
এদিকে নবজাতকের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানার জন্য বাবা ফরিদ উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করলে সেটি বন্ধ পাওয়া যায়। ফরিদ উদ্দিনের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে।
এহ্ছান হাসপাতালের পরিচালক রবিউল হায়দার বলেন, জোড়া লাগা যমজের জন্মের পর তাদের বাবা মানসিকভাবে ভেঙে পড়েছেন।