নোয়াখালীতে জ্বর-শ্বাসকষ্টে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সদর ও হাতিয়া উপজেলায় জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে আক্রান্ত দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে ও গতকাল মঙ্গলবার রাতে করোনার (কোভিড-১৯) উপসর্গ নিয়ে এ দুটি মৃত্যুর ঘটনা ঘটে। পরে মৃত ব্যক্তিদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এ নিয়ে গত দুই দিনে করোনার উপসর্গে চারজনের মৃত্যু হলো।

আজ সকাল সাতটার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে মারা যান জেলা শহরের লক্ষ্মীনারায়ণপুরের বাসিন্দা আলমগীর হোসেন (৬৫)। আর গতকাল রাত ১১টার দিকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকে মারা যান চরকিং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পবন চন্দ্র দাস (৫০)।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পারসন ও চিকিৎসক নিজাম উদ্দিন মিজান প্রথম আলোকে বলেন, গতকাল রাত ১১টার দিকে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত পবন চন্দ্র দাসকে হাসপাতালের ফটকে নিয়ে আসেন তাঁর স্ত্রী ও ছোট এক ছেলে। তাৎক্ষণিক তিনিসহ মেডিকেল টিমের সদস্যরা এগিয়ে যান। তিনি রোগীর অবস্থা দেখে ফটকের সামনেই তাঁকে শুইয়ে হৃদ্‌যন্ত্রের কর্মক্ষমতা বাড়াতে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেওয়া শুরু করেন। কিছুক্ষণ সিপিআর দেওয়ার পর দেখেন, রোগীর পালস নেই। চোখ স্থির হয়ে আছে। তখন তাঁকে মৃত ঘোষণা করেন।

নিজাম উদ্দিন জানান, মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা জানিয়েছেন, মৃত্যুর পর মারা যাওয়া ব্যক্তির করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে মরদেহের অন্ত্যেষ্টিক্রিয়া করা হয়েছে। নমুনা পরীক্ষার ফল পাওয়া গেলে জানা যাবে, তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না। ফলাফল জানার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

অপরদিকে নোয়াখালীর জেনারেল হাসপাতালের করোনা ফোকাল পারসন আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে শহরের লক্ষ্মীনারায়ণপুরের বাসিন্দা আলমগীর হোসেনকে (৬৫) অসুস্থ অবস্থায় পরিবারের লোকজন হাসপাতালে এনে ভর্তি করেন। তাঁর জ্বর ও শ্বাসকষ্ট থাকায় তাঁকে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাতটার দিকে তিনি মারা যান। মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। ফলাফল আসার পর জানা যাবে, তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না।

এর আগে গত সোমবার রাতে জেনারেল হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন চরমটুয়া ইউনিয়নের এক বাসিন্দা। আর হাতিয়ার ওছখালিতে মারা গেছেন এক পল্লি চিকিৎসক।