নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝুঁকিপূর্ণ ভবনে চলছে নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের খাজুরিয়া সর্দারপাড়া সরকারি (সদ্য সরকারি হওয়া) প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম। সরেজমিন দেখা গেছে, ১৯৯৪ ও ২০০৪ সালে নির্মিত বিদ্যালয়টির দুটি ভবনেই ফাটল ধরেছে। ভবনের বিভিন্ন পিলার, বিম ও ছাদ থেকে পলেস্তারা খসে পড়েছে। ছাদের পলেস্তারা খসে পড়ে ভেতরের রডগুলো যেন বেরিয়ে আসছে। এর ভেতরই চলছে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম। বিদ্যালয় সূত্রে জানা গেছে, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে মাত্র ২০ বছর না যেতেই ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। এ অবস্থায় যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কায় থাকেন শিক্ষকেরা। দুই সপ্তাহ আগে তৃতীয় শ্রেণীতে ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ে মোহামঞ্চদ ফারুক ও জেসমিন আক্তার নামে দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়। তাদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়।সহকারী শিক্ষক সাখাওয়াত উল্লা প্রথম আলোকে বলেন, ‘ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আমরাও প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে থাকি, কখন না মাথার ওপর ভেঙে পড়ে।’ প্রধান শিক্ষক মোহামঞ্চদ ইছহাক বলেন, দুটি ভবনের একটি ১৯৯৪ সালে, অন্যটি ২০০৪ সালে নির্মাণ করা হয়। কিন্তু এখন ফাটল ধরায় দুটি ভবনই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রায় দুই সপ্তাহ আগে দুই শিক্ষার্থী আহত হওয়ার পর তাঁরা ঘটনাটি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেন। এরপর একজন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঘটনাস্থলে এসে ভবন দুটি দেখার পর আপাতত ২০০৪ সালে নির্মিত ভবনে পাঠদান কার্য চালানোর পরামর্শ দেন। এখন ওই ভবনে গাদাগাদি করে পাঠদান কার্য পরিচালনা করা হচ্ছে।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আবছার প্রথম আলোকে বলেন, খাজুরিয়ার দুটি বিদ্যালয় ভবনই শুধু নয়, উপজেলার অন্তত ১২টি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনের তথ্য এরই মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরে পাঠানো হয়েছে। সেখান থেকে অধিদপ্তরে পাঠানো হবে। শিক্ষা কর্মকর্তা আরও বলেন, ‘আমরা সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আপাতত কম ঝুঁকিপূর্ণ ভবনে অথবা যাঁদের একটি মাত্র ভবন, তাঁদের সতর্কতার সঙ্গে পাঠদান কার্য পরিচালনা করতে বলেছি।’