নোয়াখালীতে টর্নেডোয় ৩০ বসতঘর লন্ডভন্ড
টর্নেডোর আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে নোয়াখালী সদর উপজেলার দক্ষিণ শুল্লাকিয়া গ্রামের ৩০টি বসতঘর। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। এ সময় ভেঙে পড়া ঘর ও গাছের চাপায় আহত হয়েছেন ফাতেমা বেগম (৩৮) ও আছিয়া খাতুন (৫২) নামের দুই নারী। তাঁদের নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় লোকজন জানান, গতকাল সকাল সাড়ে আটটার দিকে দক্ষিণ শুল্লাকিয়া গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের একটি এলাকায় টর্নেডো আঘাত হানে। দু-তিন মিনিট স্থায়ী ওই ঝড়ে মুহূর্তের মধ্যে বসতঘর লন্ডভন্ড হয়ে যায়। ঝড়ে উপড়ে গেছে অসংখ্য গাছপালা। সূত্র জানায়, খবর পেয়ে গতকাল দুপুরে নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক পরিতোষ হাজরা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রশাসনের পক্ষ থেকে গৃহহারা পরিবারগুলোকে ঘর নির্মাণে আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। এ ছাড়া স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহামঞ্চদ শাহজাহান পরিষদের নিজস্ব তহবিল থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে পাঁচ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান প্রথম আলোকে বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বসতঘর মেরামতের জন্য জেলা প্রশাসকের কাছে জরুরি বরাদ্দ চেয়েছেন তিনি।