নোয়াখালীর হাতিয়ার পাঁচজন জেলেসহ একটি মাছ ধরার ট্রলার অপহরণ করে নিয়ে গেছে জলদস্যুরা। গত রোববার ভোর পাঁচটা ও বিকেল তিনটার দিকে বঙ্গোপসাগরের গ্যাস ফিল্ড এলাকার কাছে মেঘনা নদীর মোহনায় এ ঘটনা ঘটে। পরে রাতে জলদস্যুরা অপহৃত জেলেদের ছেড়ে দিতে জনপ্রতি এক লাখ টাকা করে মুক্তিপণ দাবি করে।
অপহৃত জেলেরা হলেন হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. শামীম ওরফে শামীম মাঝি, ১ নম্বর ওয়ার্ডের মো. সালাউদ্দিন ও মো. ইসমাইল এবং ৮ নম্বর ওয়ার্ডের এমরান হোসেন ও মো. মোশারফ হোসেন। এর মধ্যে মো. শামীম, মো. সালাউদ্দিন ও মো. ইসমাইলকে রোববার ভোরে এবং বাকি দুজনকে বিকেল তিনটার দিকে অপহরণ করা হয়।
জাহাজমারা বোট মালিক সমিতি সূত্রে জানা গেছে, রোববার ভোর পাঁচটার দিকে বাবর মাঝি নামের এক ব্যক্তির মালিকানাধীন মাছ ধরার ট্রলার জলদস্যুদের কবলে পড়ে। দস্যুরা অস্ত্রের মুখে ১৬ জেলের মধ্যে ১৪ জনকে অন্য ট্রলারে তুলে দিয়ে দুইজনসহ ট্রলারটি নিয়ে যায়। এরপর বিকেল তিনটার দিকে এনায়েত উল্লা ও হাছান মাঝির মালিকানাধীন ট্রলারও দস্যুদের কবলে পড়ে। দুটি ট্রলার থেকে বিপুল পরিমাণ মাছ ও তিন জেলেকে অপহরণ করে অন্য একটি ট্রলারে তুলে নিয়ে যায়।
ট্রলারের মালিক এনায়েত উল্লা গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, রোববার রাতে জলদস্যুদের পক্ষ থেকে তাঁর কাছে মুঠোফোনে ফোন করে অপহৃত জেলেদের ছেড়ে দিতে জনপ্রতি এক লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি তাঁরা কোস্টগার্ডকেও জানিয়েছেন। অপহৃত জেলেদের ভাগ্যে কী ঘটেছে তা তাঁরা বলতে পারছেন না।
এ বিষয়ে গত রোববার রাতে কোস্টগার্ডের হাতিয়া স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট বোরহান উদ্দিন প্রথম আলোকে বলেন, তাঁরা ট্রলার ডাকাতি ও জেলে অপহরণের ঘটনাটি শুনেছেন। সোমবার সকালে অপহৃত জেলেদের উদ্ধারে অভিযান চালাবেন। তবে গতকাল সোমবার বিকেলে একাধিকবার ফোন দিলেও কোস্টগার্ড স্টেশন কমান্ডার ফোন ধরেননি। একপর্যায়ে ফোনটি বন্ধ পাওয়া যায়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, রোববার সন্ধ্যায় জেলেদের একজন ফোনে তাঁকে বিষয়টি জানিয়েছেন। কিন্তু পরে তাঁরা আর যোগাযোগ করেনি। গতকাল সকাল থেকে মুষলধারে বৃষ্টি হওয়ায় তাঁরাও আর বের হতে পারেননি। মুক্তিপণ দাবির বিষয়টি তাঁর জানা নেই।