নোয়াখালীতে ট্রাইব্যুনাল বিচারপতির বাড়িতে পেট্রলবোমা হামলা
নোয়াখালীর সেনবাগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি জাহাঙ্গীর হোসেনের গ্রামের বাড়িতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে পেট্রলবোমা হামলা হয়েছে। জামায়াত-শিবির এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার কাবিলপুর গ্রামে এ হামলা চালানো হয়। এতে কেউ হতাহত হয়নি।
উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. এয়াছিন দাবি করেছেন, তাঁদের দলের কেউ বিচারপতির বাড়িতে হামলা করতে যায়নি।
ওই বাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের হাবিলদার এনামুল হক জানান, গতকাল দিবাগত রাত পৌনে একটার দিকে বিচারপতি জাহাঙ্গীরের বাড়ির ফটকে চারটি পেট্রলবোমা ছোড়া হয়। এর মধ্যে দুটি বিস্ফোরিত হয়। পুলিশ গুলি ছুড়লে হামলাকারীরা পালিয়ে যায়। বোমা হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরে পুলিশ দুর্বৃত্তদের ফেলে যাওয়া দুটি পেট্রলবোমা, একটি হকিস্টিক ও পেট্রলসহ কিছু সরঞ্জাম উদ্ধার করে।
একই রাতে সেনবাগ বাজারে জামায়াত-শিবিরের মিছিল থেকে উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার হাসমত উল্লা চৌধুরীর বাসায় হামলা ও ভাঙচুর চালানো হয়। হামলায় মুক্তিযোদ্ধা হাসমত উল্লা (৬০) গুরুতর আহত হন। তাঁকে স্থানীয় সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়।
উভয় ঘটনার সত্যতা নিশ্চিত করেন সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন। প্রথম আলো ডটকমকে তিনি বলেন, বিচারপতির বাড়িতে হামলার ঘটনায় পুলিশ ১৫টি গুলি ছোড়ে।
এর আগে গত বুধবার দিবাগত রাত একটার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি ফজলে কবীরের চাঁপাইনবাবগঞ্জের গ্রামের বাড়িতে এবং বুধবার ভোরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এস কে সিনহার মৌলভীবাজারের গ্রামের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সাবেক আমির গোলাম আযমের সাজার রায় দিয়েছেন। এই ট্রাইব্যুনালে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে করা মামলার রায় অপেক্ষাধীন আছে। এ ছাড়া জামায়াত নেতা এ টি এম আজহার ও আবদুস সুবহানের মামলার কার্যক্রম চলছে।