নোয়াখালীতে ট্রাক্টর-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাক্টরের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার চালক মো. হাবিব (৩৮), যাত্রী আলমগীর হোসেন (৩০) ও মো. হারুন (২৫)। তাঁদের বাড়ি পার্শ্ববর্তী কবিরহাট উপজেলায়।
আহত ব্যক্তিদের মধ্যে একজনকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি দুজনকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের রাস্তামাথাসংলগ্ন এবু কোম্পানির বাড়ির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। মাটিবাহী এক ট্রাক্টরের সঙ্গে সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। অটোরিকশার যাত্রী আলমগীর ঘটনাস্থলে নিহত হন। চালক হাবিব ও অপর যাত্রী হারুনকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান। এ ঘটনায় অটোরিকশার তিনজন যাত্রী আহত হন।
হতাহতের এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান। তিনি প্রথম আলোকে জানান, অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। লাশ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।