নোয়াখালীতে ডাকাত সন্দেহে তিনজনকে গণপিটুনি
নোয়াখালী সদর উপজেলার মতিপুর এলাকায় শুক্রবার দিবাগত রাতে ডাকাত সন্দেহে তিনজনকে পিটিয়েছে জনতা। পরে গতকাল শনিবার সকালে পুলিশ তাদের উদ্ধার করে।মারধরের শিকার ব্যক্তিরা হলেন: গোলাম রব্বানি (৩০), নূরুল আলম ওরফে বাদশা (৩০) ও এমরান হোসেন ওরফে বাহার (৩৫)। তাঁদের মধ্যে নূরুল আলম ও রব্বানি পুলিশের পাহারায় নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আর এমরান হোসেন সুধারাম থানায় আটক রয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন থেকে মতিপুরবাসীর মধ্যে ডাকাত আতঙ্ক বিরাজ করছে। এলাকায় একদল ডাকাত ঢুকেছে—শুক্রবার দিবাগত রাতে এ ধরনের খবরে লোকজন সংগঠিত হতে থাকে। রাত তিনটার দিকে রব্বানি নামের এক ব্যক্তিকে মোটরসাইকেলযোগে এলাকায় ঘোরাফেরা করতে দেখে লোকজন তাঁকে আটকের পর মারধর করে। পরে রব্বানির দেওয়া তথ্য অনুযায়ী জনতা তাঁর বাড়ি থেকে নূরুল আলম ও এমরান হোসেনকে আটক করে মারধর করে। এ সময় জনতা রব্বানির ব্যবহূত মোটরসাইকেল জ্বালিয়ে দেয়।সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকদের উদ্ধার করে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।