নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর এলাকায় ডাকাত সন্দেহে দুই যুবককে পিটিয়ে গুরুতর আহত করেছে এলাকাবাসী। গতকাল রোববার ভোররাতে স্থানীয় চৌকিদার মোড়ে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় দুই যুবককে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের পরিবারের অভিযোগ, দুই যুবককে জোরপূর্বক ধরে নিয়ে ডাকাত বলে পিটুনি দেওয়া হয়েছে। গুরুতর আহত দুই যুবক হলেন বিনোদপুর এলাকার মো. শাহেদ (২৮) ও মো. সোহাগ (২২)। আহত শাহেদের মা সালমা খাতুন অভিযোগ করেন, তাঁর ছেলে শাহেদ ও সোহাগ দুই বন্ধু। দুজনই পরিবহন শ্রমিক হিসেবে কাজ করেন। শনিবার রাতে শাহেদের সঙ্গে সোহাগ তাঁদের বাড়িতে আসেন। পরে সোহাগ একই গ্রামে নিজ বাড়িতে যাওয়ার পথে স্থানীয় লোকজন তাঁকে আটক করে। সোহাগ বন্ধু শাহেদের বাড়িতে আসার কথা বলে। কিছু বুঝে ওঠার আগেই চৌকিদার ও ইউপি সদস্য আবদুর রহিম দুজনকে ধরে নিয়ে ডাকাত আখ্যা দিয়ে চৌকিদার মোড়ে মারধর করেন। একপর্যায়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সলিমউল্লা দুই যুবককে নিজ কার্যালয়ে নিয়ে দ্বিতীয় দফায় মারধর করেন। তবে সলিমউল্লা অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয়রা ডাকাত সন্দেহে দুই যুবককে পিটুনি দিয়ে ইউপি কার্যালয়ে সোপর্দ করে। তিনি তাঁদের পুলিশে সোপর্দ করেন। ইউপি কার্যালয়ে যুবকদের মারধর করা হয়নি। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক বলেন, স্থানীয়রা প্রথমে দুই যুবককে সামান্য পিটুনি দিয়ে চেয়ারম্যানের কাছে দেন। চেয়ারম্যান দ্বিতীয় দফায় তাঁদের উপস্থিত জনতার হাতে তুলে দেন। পরে মুমূর্ষু অবস্থায় দুজনকে পুলিশে হস্তান্তর করা হয়। বর্তমানে পুলিশ পাহারায় তাঁদের চিকিৎসা চলছে।