নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের হরিবল্লবপুর গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ইব্রাহিম খলিল (২৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাত ১২টার দিকে তাঁকে আটক করা হয়। এ সময় স্থানীয় জনতা ইব্রাহিমকে পিটুনি দেয়।পুলিশ জানায়, আটক ইব্রাহিম হরিবল্লবপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ১২টার দিকে ইব্রাহিম খলিল ও অপরাপর সহযোগীরা গ্রামের একটি বাগানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে খবর ছড়িয়ে পড়ে। এ সময় গ্রামবাসী ওই বাগানটি চারদিক থেকে ঘিরে রেখে থানায় খবর দেয়।পরে পুলিশ ঘটনাস্থলে এসে গ্রামবাসীর সহায়তায় বাগানে অভিযান চালিয়ে ধাওয়া করে ইব্রাহিমকে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যায়। আটকের পর পুলিশ ইব্রাহিমের দেহ তল্লাশি করে তাঁর কাছে একটি অত্যাধুনিক চায়নিজ কুড়াল, একটি রামদা ও তিনটি ধারালো চোরা পায়। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আলম ধারালো কয়েকটি অস্ত্রসহ ইব্রাহিমকে আটকের কথা নিশ্চিত করেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি প্রথম আলোকে বলেন, ইব্রাহিম ওই এলাকার ডাকাত সর্দার আবুল বাশার ওরফে বাশার ডাকাতের ভাগনে।