নোয়াখালীতে ডাকাতের গুলিতে ও গণপিটুনিতে দুজন নিহত
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ডাকাতের গুলিতে আবদুল জলিল এবং হাতিয়ায় গণপিটুনিতে বেলায়েত হোসেন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত বুধবার রাতে গুলিবিদ্ধ আবদুল জলিল গতকাল বৃহস্পতিবার মারা যান। নিহত জলিলের বাড়ি বেগমগঞ্জের রসুলপুর ইউনিয়নের রফিকপুর গ্রামে এবং বেলায়েতের বাড়ি হাতিয়ার সুখচর ইউনিয়নের চর আমানউল্লা গ্রামে।বেগমগঞ্জ থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত তিনটার দিকে ১০-১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল বেগমগঞ্জের রসুলপুর ইউনিয়নের রফিকপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোখলেছুর রহমানের বাড়িতে হানা দেয়। তারা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে প্রথমে মোখলেছুরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এরপর ঘরের অন্য সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালাতে শুরু করে। এ সময় ঘরের লোকজনের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে ডাকাত দল চার-পাঁচটি গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে প্রতিবেশী আবদুল জলিল (২৮) গুলিবিদ্ধ হন। তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে তাঁর মৃত্যু হয়।ডাকাতদের হামলায় মোখলেছুর রহমান (৫০) ছাড়া আরও আহত হয়েছেন একই বাড়ির মনির হোসেন (২২), মামুন (১৮) ও আবদুল হানু (৩২)। তাঁদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।ডাকাতেরা এক লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণালংকারসহ প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব ডাকাতি ও ডাকাতের গুলিতে নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।হাতিয়া থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে হাতিয়ার চরকিং ইউনিয়নের দাসপাড়ার লিটন চন্দ্র দাসের ঘরে সিঁদ কেটে চোরের দল ভেতরে ঢোকে। তারা টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালানোর সময় ঘরের লোকজন টের পেয়ে চিৎকার শুরু করে। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে চোরের দলকে ধাওয়া করলে বেলায়েত হোসেন ধরা পড়েন। গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।