নোয়াখালীর বেগমগঞ্জে ডাকাতের গুলিতে চৌমুহনী সরকারি এসএ কলেজের একাদশ শ্রেণীর ছাত্র মো. হাসানুজ্জামান ওরফে হাসান (১৭) নিহত হয়েছে। ডাকাতেরা হাসানের পরিবারের টাকা ও স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামালও লুট করেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ছয়ানী ইউনিয়নের ভবানীজীবনপুর গ্রামের বড়বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত হাসান ওই গ্রামের আবদুর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত দুইটার দিকে ১০-১২ জন সশস্ত্র ডাকাত আবদুর রহমানের বাড়িতে হানা দেয়। ডাকাতেরা পাকা ভবনের প্রধান ফটকের তালা ও দরজা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্র দেখিয়ে লুটপাট শুরু করে ফেলে। এ সময় হাসান প্রতিবাদ জানালে ডাকাতেরা তাকে কয়েকটি গুলি করে মালামাল নিয়ে পালিয়ে যায়। পরিবারের অন্য সদস্যদের চিৎকার ও গুলির শব্দে এগিয়ে আসে আশপাশের বাড়ির লোকজন। হাসপাতালে নেওয়ার পথে হাসানের মৃত্যু হয়। খবর পেয়ে বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসানের লাশ উদ্ধার করে। গতকাল বুধবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল আলম বলেন, হাসান হয়তো ডাকাতদের কাউকে চিনে ফেলেছিল। যে কারণে তাকে গুলি করা হয়েছিল। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এখনো কাউকে আটক বা লুণ্ঠিত কোনো মালামাল উদ্ধার করা যায়নি।