নোয়াখালীতে ডাকাতের গুলিতে ডাকাত নিহত গৃহকর্তা আহত
নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের দরাফনগর গ্রামে ডাকাতের গুলিতে অজ্ঞাত এক ডাকাত (৩৫) নিহত হয়েছেন। গত বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।এ সময় গৃহকর্তা সুমন চন্দ্র দে (২৮) ডাকাতদের আগ্নেয়াস্ত্রের আঘাতে আহত হন। তাঁকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।খবর পেয়ে কবিরহাট থানার পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে নিহত ডাকাতের লাশ, একটি দেশীয় এলজি ও চারটি কার্তুজ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য গতকাল সকালে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ১০ থেকে ১২ জনের একদল সশস্ত্র ডাকাত ওই গ্রামের সুমন চন্দ্র দের বাড়িতে হানা দেয়। ডাকাতেরা ঘরের দরজা ধাক্কাধাক্কি শুরু করলে সুমনের মা আশপাশের লোকজনকে ফোন করে বাড়িতে ডাকাত আসার খবর দেন।এরই মধ্যে ডাকাতেরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে সুমনকে অস্ত্রের মুখে জিম্মি করার চেষ্টা করে। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে ডাকাতদের একজন সুমনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। কিন্তু গুলিটি সুমনের গায়ে না লেগে ধস্তাধস্তিতে লিপ্ত এক ডাকাতের মাথার পেছন দিয়ে ঢুকে যায়।এ সময় গুলিবিদ্ধ ডাকাতকে নিয়ে পালিয়ে যাওয়ার একপর্যায়ে তাঁকে রাস্তায় ফেলেই চলে যায় অন্য ডাকাতেরা। পরে আশপাশের লোকজন এসে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ডাকাতের লাশ এবং তাঁর সঙ্গে থাকা একটি এলজি ও চারটি কার্তুজ উদ্ধার করে।কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাহবুবুল আলম বলেন, প্রাথমিক তদন্তে ডাকাতের গুলিতেই ডাকাতের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় গৃহকর্তা ও পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছে।