নোয়াখালীতে যানবাহন ভাঙচুর ও সড়ক অবরোধের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে।হরতালের আগের রাতে নোয়াখালী পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপির আটজন নেতা-কর্মীসহ ৫৬ জন এবং গতকাল হরতাল চলাকালে চাটখিল থেকে যুবদলের দুই কর্মীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া বেশির ভাগ ব্যক্তির বিরুদ্ধে আগের বিভিন্ন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।হরতালে ঢাকায় গাড়ি পোড়ানোর মামলায় অভিযুক্ত বিএনপির যুগ্ম মহাসচিব ও নোয়াখালী-৪ আসনের সাংসদ মাহবুবউদ্দিন খোকনকে গত সোমবার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত। এর প্রতিবাদে নোয়াখালীতে গতকাল সকাল-সন্ধ্যা হরতাল ডাকে জেলা বিএনপি।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গতকাল সকাল ছয়টা থেকে সাড়ে ছয়টার মধ্যেই জেলা শহরে পিকেটিংয়ে নামে হরতাল-সমর্থকেরা। তারা শহরের পৌরবাজার, ফকিরপুর, গ্যারেজ ও দত্তেরহাট এলাকায় রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। একই সঙ্গে সাংসদ মাহবুবউদ্দিনের নির্বাচনী এলাকা সোনাইমুড়ীতেও বেশ কয়েকটি সড়কে টায়ারে আগুন জ্বালায় হরতাল-সমর্থকেরা। সেখানে তারা দুটি ট্রাক ও একটি পিকআপভ্যান ভাঙচুর করে। সকাল সাতটার দিকে বেগমগঞ্জের রমজান বিবি এলাকায় ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে হরতালের বিপক্ষে চাটখিল উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে স্থানীয় যুবলীগের একদল কর্মী। বেলা ১১টার দিকে হরতালের পক্ষে মিছিল ও সমাবেশ করেন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় মিছিল থেকে যুবদলের দুই কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। একই সময় হরতালের পক্ষে সেনবাগেও বিএনপির কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। বেলা সোয়া ১২টার দিকে জেলা আইনজীবী সমিতি ভবন থেকে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা। টাউন হলের কাছে মিছিলে বাধা দেয় পুলিশ। একই সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশীদের নেতৃত্বে একটি মিছিল প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে জজ আদালতের সামনে এলে পুলিশ বাধা দেয়।