‘বিজয়ের ৪০ বছর পূর্তিতে সার্বজনীন মানবাধিকার নিশ্চিত করো’ স্লোগান নিয়ে নোয়াখালী শহরে গত রোববার সন্ধ্যায় তরুণেরা এক বর্ণাঢ্য আলোক মিছিল করেন।আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উন্নয়ন সংগঠন পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রান) ও আরএফএলডিসি-ডানিডা যৌথভাবে তরুণদের নিয়ে ওই কর্মসূচির আয়োজন করে।সন্ধ্যা সাতটার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে প্রজ্জ্বালিত আলোকবর্তিকা, বর্ণাঢ্য প্ল্যাকার্ড, ফেস্টুন ও ঢোলবাদ্যে সজ্জিত হয়ে শতাধিক তরুণের একটি দল মিছিলটি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তাঁরা ‘অন্ধকার ঘুচে যাক—মানবতা মুক্তি পাক’, ‘স্বাধীনতার ৪০ বছরে মানবাধিকার নিশ্চিত করো’, ‘সব মানুষের সম-অধিকার—সার্বজনীন মানবাধিকার’ প্রভৃতি স্লোগান দেন।পরে জেলা শিল্পকলা একাডেমী মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে তরুণেরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী, সাংবাদিক, উন্নয়নকর্মী, নারীনেত্রীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন। বক্তব্য দেন আরএফএলডিসির প্রতিনিধি আবদুল মান্নান, সিপিবির সাধারণ সম্পাদক জাফর উল্লা, জাতীয় যুব জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য আবু নাছের, সাংবাদিক জামাল হোসেন, প্রানের নির্বাহী প্রধান নুরুল আলম প্রমুখ।