নোয়াখালীতে তরুণী ও গৃহবধূর লাশ উদ্ধার
নোয়াখালীর সদর ও সুবর্ণচর উপজেলার দুই স্থান থেকে গতকাল বৃহস্পতিবার দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি। লাশ দুটি উদ্ধারের পর থানায় রাখা হয়েছে। আজ শুক্রবার ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, গতকাল বৃহস্পতিবার সকাল নয়টার দিকে সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের শুল্লকিয়া গ্রামে দাম্পত্য কলহের জের ধরে বিবি মারজাহান (২৩) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে দুপুরে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। বিকেলে ঘরের মেঝে থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এসআই সিরাজুল জানান, সুরতহাল প্রতিবেদন তৈরিকালে শুধু লাশের গলায় কালো দাগ দেখা গেছে। তবে, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা সম্ভব নয়।অন্যদিকে, জেলার সুবর্ণচর উপজেলার মোহামঞ্চদপুর ইউনিয়নের চরতোরাবআলী গ্রামের মোস্তফা মিয়ার কেল্লা নামক স্থানের খাল থেকে গতকাল দুপুরে অজ্ঞাতনামা এক তরুণীর (১৯) লাশ উদ্ধার করেছে চরজব্বার থানার পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার জানান, সকালে স্থানীয় লোকজন খালের মধ্যে লাশ দেখে থানায় খবর দেন। পরে দুপুর ১২টার দিকে থানার উপপরিদর্শক রবিউল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। ওসি জানান, লাশের গলায় কাপড় পেছানো ছিল। তবে, শরীরের কোথায়ও আঘাতের কোনো চিহ্ন নেই।