নোয়াখালীতে তুচ্ছ ঘটনায় ঝগড়া, লাথিতে বৃদ্ধের মৃত্যু, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ভাটিরটেক গ্রামে প্রতিপক্ষের লাথিতে মো. অজিউল্লা (৫০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় ওই ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন: আবদুল হাফিজ, তাঁর ছেলে মো. ফারুক ও মেয়েরজামাই মো. ফেরদৌস। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে অজিউল্লাদের হাঁস পাশের বাড়ির হাফিজের খেতে বসানো বীজতলা নষ্ট করে। এ নিয়ে হাফিজের ছেলে ফারুক ও জামাই ফেরদৌসের সঙ্গে অজিউল্লার ঝগড়া বাধে। একপর্যায়ে ফারুক ও ফেরদৌস লাথি দিলে অজিউল্লা মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। তাৎক্ষণিক স্থানীয় লোকজন উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে সুধারাম থানার উপপরিদর্শক আবদুল বাতেন গতকাল শনিবার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।