নোয়াখালীতে দস্যুদের হামলার মুখে পুলিশ ক্যাম্প প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর এলাহী ইউনিয়নের চর বালুয়ায় গতকাল শুক্রবার সন্ধ্যায় পুলিশ ক্যাম্পে হামলা চালিয়েছে দস্যুরা। তাদের হামলার মুখে স্থাপনের তিন ঘণ্টার মধ্যে ক্যাম্প গুটিয়ে নিতে বাধ্য হয় পুলিশ। জেলা পুলিশ সুপার (এসপি) হারুন-উর-রশিদ ঘণ্টা তিনেকের মাথায় ক্যাম্প গুটিয়ে ফেলার কথা প্রথম আলোর কাছে স্বীকার করে বলেন, ওই মুহূর্তে ক্যাম্প না গুটিয়ে পুলিশ সদস্যদের রাখলে ব্যাপক প্রাণহানির আশঙ্কা ছিল। স্থানীয় ও পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, চরবালুয়ার ছয়টি মৌজায় ৩০-৩৫ হাজার একর জমি রয়েছে। ওই জমির মালিকানা নিয়ে বিরোধ রয়েছে। আবার ওই এলাকা বেশ দুর্গম। ফলে বিভিন্ন দস্যুবাহিনী সেখানে আস্তানা গড়ে তোলে। এতে চরের জমির মালিকেরা ফসল ফলালেও ঘরে তুলতে পারেন না। পাশাপাশি বামনী নদীর উত্তর পাড়ের বাসিন্দাদের গরু-মহিষ লুটের ঘটনা নিত্যদিনের। তাই চরের বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে চর এলাহীর ৬ নম্বর ওয়ার্ডের জনতা বাজারের সাইক্লোন শেল্টারে একটি ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত হয়। গতকাল বিকেল সাড়ে চারটার দিকে পুলিশ সুপার হারুন-উর-রশিদ কোম্পানীগঞ্জ থানার ওসি এমরান আলী এবং ক্যাম্পের পুলিশ সদস্যদের নিয়ে জনতা বাজারে গিয়ে স্থানীয় সাইক্লোন শেল্টারে ক্যাম্প স্থাপন করেন। স্থানীয় সূত্র জানায়, পুলিশ সুপার বামনী নদী পার হয়ে উত্তর পাড়ে পৌঁছার পর পরই জলদস্যু ইব্রাহিম মাঝি, মোস্তফা, সামছুল হক মাঝি ও মলাইয়্যার নেতৃত্বে কয়েক শ লোক ইটপাটকেল, ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ক্যাম্পে হামলা চালায়। এতে পুলিশ কনস্টেবল আবদুর রেজ্জাক ও গ্রামপুলিশ আবু তাহের আহত হন। কর্তব্যরত পুলিশ কর্মকর্তা বিষয়টি তাৎক্ষণিক পুলিশ সুপারকে জানান। পরে পুলিশ সুপার ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে ক্যাম্প গুটিয়ে নেওয়ার নির্দেশ দেন। নাম প্রকাশ না করার শর্তে চর এলাহীর একজন বাসিন্দা গত রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দস্যুদের হামলার মুখে এভাবে পুলিশের ক্যাম্প গুটিয়ে নেওয়ার কারণে সেখানকার বাসিন্দারা আরও বেশি নিরাপত্তাহীন হয়ে পড়ল।