নোয়াখালীতে দাখিল পরীক্ষা দিতে পারছে না ৭৬ শিক্ষার্থী
পাঠদানের অনুমতি পেয়েই দাখিল পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থী ভর্তি করে রেজিস্ট্রেশন ও ফরম পূরণ করানো হয় নোয়াখালীর সদর উপজেলার পূর্ব অশ্বদিয়া মুক্কিয়া দাখিল মাদ্রাসায়। কিন্তু পরীক্ষার এক দিন বাকি থাকতে গতকাল শুক্রবার ৭৬ শিক্ষার্থী মাদ্রাসায় এসে জানতে পারে, বোর্ড থেকে তাদের প্রবেশপত্র আসেনি।এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা গতকাল শুক্রবার সকালে মাদ্রাসায় এসে অফিস কক্ষে তালা বন্ধ দেখে দিনভর বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট পালন করে। স্থানীয়রা জানান, পরিস্থিতি আঁচ করতে পেরে ভোরেই মাদ্রাসার তত্ত্বাবধায়ক মশিউর রহমান ও সহকারী তত্ত্বাবধায়ক সিরাজুল ইসলাম পালিয়ে যান। গতকাল বিকেলে সরেজমিনে গিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থী ও মাদ্রাসা সূত্রে জানা যায়, গত বছরের ৮ মে শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা শাখার উপসচিব (মাদ্রাসা) নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই মাদ্রাসাকে দাখিল পর্যায়ে পাঠদানের অনুমতি দেওয়া হয়। এরই মধ্যে দাখিল শ্রেণীতে মাদ্রাসায় ২৬ জন ছাত্রছাত্রী ভর্তিও করা হয়। কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ ২০১৩ সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণের জন্য ভর্তিকৃত ২৬ শিক্ষার্থীর সঙ্গে বিভিন্ন মাদ্রাসা থেকে অষ্টম ও নবম শ্রেণীর আরও ৫০ জন ছাত্রকে এনে দাখিল শ্রেণীতে রেজিস্ট্রেশন ও ফরম পূরণ করান। আর এ জন্য ছাত্রপ্রতি সর্বনিম্ন ৫ হাজার এবং সর্বোচ্চ ১৫ হাজার টাকা নেওয়া হয়। গত ২৮ নভেম্বর ৭৬ জন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন ও ফরম পূরণের জন্য ৮০ হাজার ৫০০ টাকা জমাও দেওয়া হয়। ফরম পূরণ ‘ফি’র টাকা জমা দেওয়ার পর গত ২৬ ডিসেম্বর শিক্ষা বোর্ড থেকে উপপরিদর্শক হোসেন আহমেঞ্চদ মাদ্রাসা পরিদর্শনে এসে মাত্র সাতজন শিক্ষার্থীকে মাদ্রাসায় উপস্থিত পেয়ে অসন্তোষ প্রকাশ করেন। জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা আবুল কালাম বলেন, বোর্ড পরিদর্শক মাদ্রাসা পরিদর্শন করে যাওয়ার পরই সমস্যা দেখা দেয়। গত সপ্তাহে তাঁরা প্রবেশপত্রের জন্য বোর্ডে গেলে কর্মকর্তারা তাঁদের পুলিশে দেওয়ার ভয় দেখিয়ে প্রবেশপত্র ইস্যু করা হবে না বলে জানিয়ে দেওয়া হয়। এ কারণে ফরম পূরণ করা পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারছে না। মুঠোফোনে মাদ্রাসার তত্ত্বাবধায়ক দাবি করেন, সব কাগজপত্র সঠিক ছিল। তার পরও মাদ্রাসা বোর্ড প্রবেশপত্র দেয়নি। এ নিয়ে বহু দেনদরবার, এমনকি হাইকোর্টে রিটও করা হয়েছে, কিন্তু কাজ হয়নি।