নোয়াখালীতে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ গুলিবিনিময়, আহত ৩৫
নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখিল উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে গতকাল শুক্রবার প্রায় দুই ঘণ্টা কয়েক দফা সংঘর্ষ এবং গুলিবিনিময় হয়েছে। এতে দুই পুলিশ সদস্যসহ অন্তত ৩৫ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে ২৫-৩০টি দোকানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে চারটার দিকে সোনাইমুড়ীর আবিরপাড়া বাজারসংলগ্ন মাঠে কিশোরেরা ক্রিকেট খেলার সময় একটি বল পার্শ্ববর্তী চাটখিল উপজেলার শিবপুর গ্রামের এক ব্যক্তির মাথায় পড়ে। তিনি ব্যথা পেয়ে রাস্তার পাশ থেকে এক টুকরো ইট নিয়ে খেলোয়াড়দের লক্ষ্য করে নিক্ষেপ করেন। তবে ওই ইট আবিরপাড়া বাজারের ব্যবসায়ী জামাল হোসেনের মাথায় পড়লে তাঁর মাথা ফেটে যায়। এতে বাজারের লোকজন উত্তেজিত হয়ে উঠলে ওই ব্যক্তি পালিয়ে গ্রামের ভেতর চলে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, এরপর বিকেল পাঁচটার দিকে শিবপুর গ্রামের স্বপন ও রহমতের নেতৃত্বে ২৫-৩০ জনের একদল লোক ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে আবিরপাড়া বাজারে হামলা চালায়। এ সময় দুই পক্ষে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ চলাকালে ১০-১৫টি গুলির শব্দ শোনা যায়। প্রায় দুই ঘণ্টা ধরে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্রের আঘাতে ও গুলিতে দুই পক্ষের অন্তত ৩৩ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে মো. মামুন (২৪) ও জামাল উদ্দিনকে (২৫) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহত অন্যদের সোনাইমুড়ী ও চাটখিলের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনাস্থল থেকে রাত সাড়ে নয়টায় সহকারী পুলিশ সুপার (এএসপি) বেগমগঞ্জ সার্কেল আলী হোসেন প্রথম আলোকে জানান, ক্রিকেট খেলা নিয়ে ওই সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে তিনি পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আলী হোসেন জানান, সংঘর্ষ চলাকলে দুই গ্রামবাসীর মধ্যে গুলিবিনিময় হয়েছে। দুই পক্ষই ধারালো অস্ত্র ব্যবহার করেছে। সংঘর্ষ চলাকালে আবিরপাড়া বাজারের বেশ কিছু দোকানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ও চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে গত রাতে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। রাতে উভয় গ্রামে এবং আবিরপাড়া বাজারে পুলিশ পাহারা থাকবে। তবে এ ঘটনায় কোনো পক্ষই থানায় মামলা করেনি।