নোয়াখালীতে দুই পক্ষের সংঘর্ষ, মেয়র লাঞ্ছিত আহত ১০
নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের পূর্ব শুল্লকিয়া গ্রামে মাছের খামারের জায়গায় সীমানাপ্রাচীর নির্মাণ নিয়ে গতকাল বুধবার পৌরসভার মেয়রের লোকজনের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় মেয়র হারুনুর রশীদ লাঞ্ছিত হন এবং তাঁর ব্যবহূত পৌরসভার গাড়ি ভাঙচুর করা হয়।আহতদের মধ্যে বিবি মরিয়ম (৪০), আবদুর রহিম (৬০), সিদ্দিক উল্লা (৫২), সাহারা খাতুন (৪৮) ও রোকেয়া বেগমকে (৫০) শহরের রয়েল হাসপাতালে এবং মেয়রের পক্ষের সৈয়দ মিয়া (৫০), মো. সজীবসহ (২৫) তিনজনকে প্রাইম হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা ১১টার দিকে মেয়র লোকজন নিয়ে পূর্ব শুল্লকিয়া এলাকায় তাঁর মাছের খামারের আওতাধীন জায়গায় সীমানাপ্রাচীর নির্মাণ করতে যান। এ সময় স্থানীয় কিছু লোক তাঁদের চলাচলের পথ বন্ধ করে প্রাচীর নির্মাণে বাধা দেন। এ নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে দুই পক্ষ প্রথমে হাতাহাতি, পরে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় মেয়র লাঞ্ছিত হন। মেয়র হারুনুর রশীদ বলেন, ‘যে ঘটনা ঘটেছে, তা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। আমি লোকজন নিয়ে দীর্ঘদিনের দখলীয় ও মালিকানা জায়গায় সীমানাপ্রাচীর নির্মাণ করতে যাই। কিন্তু স্থানীয় কিছু নারী-পুরুষ ভুল বুঝে প্রাচীর নির্মাণে বাধা দেন। এ নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে হাতাহাতি ও মারামারি বেধে যায়। এ সময় একটি ঢিলে আমার গাড়ির কাচ ভেঙে যায়।’সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মেয়র তাঁর জায়গা দখল করতে যাওয়ার আগে বিষয়টি থানায় জানালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটত না।