নোয়াখালীতে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত, আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর দ্বীপ উপজেলার হাতিয়ার চানন্দি ইউনিয়নের কেরিংচরের হাসিনা বাজারে চরের জমির ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হয়েছেন আরও কমপক্ষে সাতজন। নিহত ব্যক্তিরা হলেন কেরিংচরের মো. সফিউল্লা ওরফে সফিক (৪৬) ও আমিনুল হক (৪৫)। সুবর্ণচরের চরজব্বার হাসপাতালে নেওয়ার পথে তাঁরা মারা যান। এ ঘটনায় আহত ব্যক্তিদের চর জব্বার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, কেরিংচরের হাসিনা বাজার এলাকায় চরের জমির ধান কাটা নিয়ে স্থানীয় জোতদার হিসেবে পরিচিত সফিউল্লার সঙ্গে ভূমিহীনদের বিরোধ দেখা দেয়। গতকাল বিকেলে সফিউল্লা বিরোধপূর্ণ জমির ধান কাটতে গেলে ভূমিহীনেরা প্রতিবাদ করেন। এ সময় সফিউল্লার লাঠিয়াল বাহিনী ভূমিহীনদের ওপর হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পরে ভূমিহীনেরা সংঘবদ্ধ হয়ে সফিউল্লা ও তাঁর বাহিনীর ওপর হামলা চালায়। এতে সফিউল্লাসহ দুই পক্ষের কমপক্ষে নয়জন আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত তিনজনকে সুবর্ণচরের চরজব্বার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সফিউল্লা ও আমিনুল হক মারা যান। আহত বাকিদের একই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুই পক্ষের সংঘর্ষে দুজনের নিহত হওয়ার কথা নিশ্চিত করে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বি প্রথম আলোকে বলেন, হাসপাতালে নেওয়ার পথে ওই দুজন মারা যান। ঘটনার খবর পেয়ে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।