নোয়াখালীতে দুই পরীক্ষার্থী বহিষ্কার শিক্ষককে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগের বীজবাগ এন কে উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষাকেন্দ্রে নকলের অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার এবং নকলে সহায়তার অভিযোগে এক শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গতকাল রোববার সাধারণ গণিতের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল পরীক্ষা চলাকালে কুমিল্লা বোর্ডের পরিদর্শকদের একটি দল ওই কেন্দ্রে নকল করার সময় বীজবাগ এন কে উচ্চবিদ্যালয়ের নাঈমুর রহমান ও শেখ ফরিদকে হাতেনাতে ধরে ফেলে। এরপর তাদের বহিষ্কার করা হয়।
একই কেন্দ্রে পরীক্ষায় নকলে সহায়তার অভিযোগে নবীপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আহম্মেদ উল্লাকে অব্যাহতি দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
নকলের দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার এবং এক শিক্ষককে অব্যাহতি দেওয়ার কথা নিশ্চিত করেন ইউএনও উদয়ন দেওয়ান। তিনি বলেন, অভিযুক্ত শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য বোর্ডে চিঠি পাঠানো হয়েছে।