নোয়াখালীতে দুই র্যাব সদস্য ও চার ডাকাত গুলিবিদ্ধ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে গত শুক্রবার রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও ডাকাত দলের সদস্যদের মধ্যে গোলাগুলি হয়েছে। উপজেলার মুছাপুর এলাকার এক বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে র্যাব সদস্যরা সেখানে হানা দিলে ওই ঘটনা ঘটে। এতে র্যাবের দুই সদস্য ছাড়াও চার ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন।স্থানীয় লোকজনের সহায়তায় আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ ডাকাতদের আটক করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গুলিবিদ্ধ চার ডাকাত হলেন, সুজন (২৩), ফারুক (২৩), নবিদুর রহমান (২৬) ও হারুন (৩২)। আহত দুই র্যাব সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় গতকাল শনিবার দুপুরে র্যাব-১১-এর পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের টহল দল ওই বাড়িতে ডাকাতির প্রস্তুতির খবর পান। দিবাগত রাত সোয়া দুইটার দিকে টহল দলটি সেখানে পৌঁছায়। তাদের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা গুলি চালানো শুরু করেন। এ সময় র্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে ১৬টি গুলি ছোড়েন। ১৫-২০ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলে। এরপর ঘটনাস্থলের আশপাশ থেকে ডাকাত দলের সদস্যদের আটক করা হয় এবং তাঁদের কাছে থাকা দুটি এলজি, দুটি কার্তুজ, একটি গুলি, তিনটি রামদা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ওই ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে। গুলিবিদ্ধ ডাকাতদের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট এবং চট্টগ্রামের আনোয়ারা ও খুলশী এলাকায়।