নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি অবৈধ পলিথিন কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে। এ সময় পলিথিন উৎপাদন ও বিক্রির দায়ে কারখানার এক মালিকসহ দুজনকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে চৌমুহনী শহরের পূর্ববাজার ও বিসিক শিল্পনগরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহায়তা দেয় র্যাব।
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন কারখানার মালিক এনামুল হক ও কর্মচারী আবু বকর ছিদ্দিক। এর মধ্যে এনামুল হককে এক বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। আর আবু বকরকে দেওয়া হয় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম রেজাউর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
র্যাব সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ এম আশরাফুল ইসলাম ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম রেজাউর রহমানের নেতৃত্বে দুপুরে চৌমুহনী পূর্ব বাজারের একটি পলিথিন কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে কারখানা থেকে পলিথিন তৈরির বেশ কিছু কাঁচামাল জব্দ করা হয়। কারখানার মালিক এনামুল হককে এক বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া কারাখানাটি সিলগালা করে দেওয়া হয়।
র্যাব সূত্র জানায়, চৌমুহনী পূর্ব বাজারে অভিযান চালানোর পর চৌমুহনী বিসিক শিল্পনগর এলাকায় আল-হেরা প্যাকেজিং নামের একটি অবৈধ পলিথিন কারখানায় অভিযান চালানো হয়। অভিযানকালে কারখানার মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি। কর্মচারী আবু বকরকে ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের সাজা দেন। কারখানাটিও সিলগালা করে দেওয়া হয়।