নোয়াখালীতে দুম্বার মাংস লুট
নোয়াখালীতে দুস্থদের জন্য আসা ৪৮ প্যাকেট দুম্বার মাংস লুট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করলেও পরে তাদের ছেড়ে দেয়।গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইসলামি উন্নয়ন ব্যাংকের মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে আসা ৭২০ প্যাকেট দুম্বার মাংস নোয়াখালী জেলার জন্য বরাদ্দ করা হয়। এই মাংস জেলা প্রশাসনের মাধ্যমে সব উপজেলা প্রশাসনের কাছে পৌঁছে দেওয়ার কথা ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের। সে অনুযায়ী, গতকাল সকাল নয়টার দিকে সেনবাগ উপজেলার ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তা মাংস বিতরণের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছ থেকে ৪৮ প্যাকেট দুম্বার মাংস বুঝে নেন এবং তা একটি পিকআপ ভ্যানে করে সেনবাগের উদ্দেশে রওনা হন। পিকআপ ভ্যানটি কিছুদূর যাওয়ার পরই ১৪-১৫ জনের একটি দল ব্যারিকেড দিয়ে ভ্যানটি থামিয়ে মাংসের প্যাকেটগুলো লুট করে নিয়ে যায়। এ সময় ব্যাংক কর্মকর্তা আবদুল ওহাব ও বেলায়েত হোসেনের চিৎকার শুনে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে চারজনকে আটক করে। কিন্তু অন্য দুর্বৃত্তরা মাংস নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।মাংস লুটের কথা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হাশেম বলেন, পুলিশ চারজনকে আটক করেছে। কিন্তু মাংস লুটের সঙ্গে তাদের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হতে না পারায় পরে তাদের লঘু শাস্তি দিয়ে ছেড়ে দেওয়া হয়। সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আনোয়ার পাশা জানান, এ ঘটনার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে অন্য এলাকা থেকে কেটে ১০ প্যাকেট মাংস সেনবাগের জন্য বরাদ্দ করা হয়। তিনি নিজ দায়িত্বে এই মাংস এতিম ও দুস্থদের মধ্যে বিতরণ করেছেন।