নোয়াখালীতে দুর্ধর্ষ ডাকাতি দুজনকে কুপিয়ে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের রুহুল আমিন মাস্টারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। গত সোমবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।ডাকাতেরা ঘরের লোকজনকে অস্ত্রের মুখে জিমিঞ্চ করে স্বর্ণালংকার, একটি ল্যাপটপ ও মোবাইল ফোনসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে। এ সময় ডাকাতদের বাধা দিলে তারা গৃহকর্তা রুহুল আমিন (৭৫) ও তাঁর ছেলে মো. তিতুমিরকে (৩০) কুপিয়ে আহত করে। আহত বাবা-ছেলেকে বেগমগঞ্জের চৌমুহনীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।পরিবারের লোকজনের উদ্ধৃতি দিয়ে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জলিল প্রথম আলোকে বলেন, রাত আনুমানিক দুইটার দিকে ১৪-১৫ জনের একদল ডাকাত প্রধান ফটকের তালা ও দরজা ভেঙে ভেতরে ঢোকে। এরপর ডাকাতেরা ঘরের লোকজনকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বেঁধে লুটপাট শুরু করে। এ সময় গৃহকর্তা ও তাঁর ছেলে ডাকাতিতে বাধা দিলে তাঁদের কুপিয়ে আহত করে লুট করা মালামাল নিয়ে পালিয়ে যায়।জানতে চাইলে ডাকাতি হওয়ার কথা নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল আলম। গতকাল মঙ্গলবার তিনি বলেন, ইউপি চেয়ারম্যানের কাছ থেকে ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত কোনো অভিযোগ দেওয়া হয়নি।