নোয়াখালীতে দুর্বৃত্তদের হামলায় আহত যুবদলকর্মীর মৃত্যু
১৮ দলীয় জোটের অবরোধের পঞ্চম দিনে গত বুধবার রাতে নোয়াখালী সদর উপজেলায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আহত যুবদল কর্মী মো. সোহাগ (৩২) গত শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টায় ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত সোহাগ সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের হায়দার মিয়ারহাট এলাকার নলপুর গ্রামের মফিজ উল্যার ছেলে এবং স্থানীয় যুবদলের কর্মী বলে জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আলম খান প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের সাহেবেরহাট এলাকার ভূইয়ার দিঘির পাড়ে যুবদল কর্মী মো. সোহাগকে (৩২) অজ্ঞাত একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে, পরে অবস্থার অবনতি দেখে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনি মারা যান।
জানতে চাইলে আহত যুবদল কর্মী সোহাগের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার। প্রথম আলোকে তিনি বলেন, ঘটনার বিষয়ে গতকাল শনিবার সকাল পর্যন্ত থানায় কেউ লিখিত কোনো অভিযোগ করেনি।