নোয়াখালীতে ধর্ষককে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন
নোয়াখালীর বেগমগঞ্জে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে (১৪) ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষককে গ্রেপ্তার ও বিচারের দাবিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।গতকাল বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসব কর্মসূচি পালিত হয়। পরে ওই ছাত্রীর বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপি দেন।স্মারকলিপিতে বলা হয়, গত ২৯ এপ্রিল স্থানীয় আকরাম হোসেন ওরফে রনি (১৯) তাঁর সহযোগী আজম হোসেন ওরফে মিনারের (১৯) সহায়তায় ওই ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে তাঁর বাড়িতে ডেকে নিয়ে যান। এরপর রনি ওই ছাত্রীকে ধর্ষণ করেন। এ সময় ওই ছাত্রীর চিৎকারে তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয়রা ছুটে গেলে ধর্ষক ও তার সহযোগী পালিয়ে যায়। এ ঘটনার পরদিন ছাত্রীর মা বেগমগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে রনি ও মিনারের বিরুদ্ধে মামলা করেন। কিন্তু পুলিশ এখনো আসামিদের গ্রেপ্তার করতে পারেনি।সূত্র জানায়, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত রনি ও মিনারের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বেলা ১১টার দিকে ওই ছাত্রীর বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা জেলা প্রশাসকের কার্যালয়ে জড়ো হতে থাকেন। এ সময় তাঁরা অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান। পরে বেলা পৌনে ১২টায় তাঁরা সেখানে মানববন্ধন করেন।