নোয়াখালীতে নকল বাটা জুতার কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনীতে নকল বাটা জুতার কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার আসল বাটা কোম্পানির কর্মকর্তাকে নিয়ে অভিযানের একপর্যায়ে শহরের করিমপুর সড়কের পাশে ন্যাশনাল সুজ কারখানার ভেতর নকল জুতার ওই কারখানার খোঁজ পাওয়া যায়। এ সময় পুলিশ নকল কারখানার মালিক রকিব হোসেন ওরফে আরজু (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ নকল বাটা জুতা জব্দ করে।বাটা জুতা কোম্পানির আঞ্চলিক ব্যবস্থাপক গাজী আরিফুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন নোয়াখালীর চৌমুহনীতে কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘ দিন বাটা কোম্পানির নকল জুতা তৈরি করে সেগুলো বাজারজাত করে আসছে। এতে তাঁদের কোম্পানির সুনাম নষ্ট হওয়ায় তাঁরা নকল জুতা প্রস্তুতকারীদের সন্ধানে নামেন এবং এ জন্য আইন প্রয়োগকারী সংস্থার শরণাপন্ন হন।বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব প্রথম আলোকে জানান, তিনি ও পুলিশ সুপার (এসপি) হারুন-উর-রশিদ হাযারীর নির্দেশে একদল পুলিশ নিয়ে বেলা সাড়ে ১১টার দিকে চৌমুহনীর করিমপুর সড়কের ন্যাশনাল সুজ কারখানায় অভিযান চালান। তিনি জানান, অভিযানের একপর্যায়ে কারখানাটিতে নকল বাটা জুতা তৈরির সরঞ্জাম খুঁজে পান। পরে আরও তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জুতা উদ্ধার করেন। এ ঘটনায় কারখানার মালিক আরজুকে গ্রেপ্তার করা হয়েছে। আরজু লক্ষ্মীপুর সদর থানার ইন্দ্রপুর গ্রামের মফিজ উল্লার ছেলে। এ ঘটনায় বাটা কোম্পানির কর্মকর্তা গাজী আরিফুজ্জামান বাদী হয়ে থানায় একটি নিয়মিত মামলা করেছেন।