নোয়াখালীতে নারীকে কুপিয়ে জখম, ছোরাসহ দুই যুবক গ্রেপ্তার
নোয়াখালীর সেনবাগে হোসনে আরা বেগম (৫০) নামের এক নারীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গত রোববার রাতে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের নলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।হামলার সময় ওই নারীর চিৎকার শুনে আশপাশের লোকজন ধাওয়া করে তিনটি ধারালো ছোরাসহ দুই যুবককে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। ধৃত যুবকেরা হলেন: একই গ্রামের জীবন আলীর ছেলে আমির হোসেন (২৭) ও জসিম উদ্দিনের ছেলে আলাউদ্দিন (২৬)।স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে ওই গ্রামের এছহাক সওদাগরের বাড়ির আবদুল মান্নানের স্ত্রী হোসনে আরা ঘর থেকে বের হওয়া মাত্র আগে থেকে ওতপেতে থাকা পাঁচ-ছয়জনের একদল দুর্বৃত্ত তাঁর মুখ বেঁধে ফেলে। এ সময় তিনি চিৎকার দিলে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে আহত করে পালানোর চেষ্টা করে। এ সময় আশপাশের লোকজন ধাওয়া করে দুই যুবককে তিনটি ছোরাসহ ধরে ফেলে এবং পরে পুলিশে সোপর্দ করে।