নোয়াখালীতে নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়নের শ্রীপুর গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার ফুলমতি বেগম (৫৫) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, শ্রীপুর গ্রামের স্বামী পরিত্যক্তা ফুলমতি কয়েক বছর ধরে শারীরিক ও মানসিক রোগে আক্রান্ত। বুধবার রাতে মাকে ঘরে রেখে তাঁর ছেলে মো. ইউছুফ শ্বশুরবাড়িতে যান। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে ছেলের অনুপস্থিতিতে তাঁর মা ঘরের ভেতরে গলায় ফাঁস দেন। পাশের বাড়ির নারীরা বিষয়টি দেখে চিৎকার দিলে লোকজন এসে ফাঁস কেটে তাঁকে নিচে নামান। পরে স্থানীয় পল্লিচিকিৎসককে খবর দেওয়া হয়। কিন্তু চিকিৎসক আসার আগেই ফুলমতি মারা যান। সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) শ্রীকান্ত চন্দ্র দাস প্রথম আলোকে বলেন, তিনি ঘটনাস্থলে গিয়ে ঘরের মেঝেতে লাশ পেয়েছেন। প্রাথমিক তদন্তে ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে হয়েছে। এর পরও মৃত্যুর কারণ সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।