নোয়াখালীতে নিখোঁজ স্কুলছাত্রীর গলিত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার উত্তর নাজিরপুর এলাকা থেকে গতকাল বুধবার নাহিদা আক্তার (৮) নামে এক স্কুলছাত্রীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত নাহিদা উত্তর নাজিরপুর গ্রামের মিলন মিয়ার মেয়ে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।ময়নাতদন্তের জন্য নাহিদার লাশ নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৩ আগস্ট সন্ধ্যায় নাহিদা বাড়ির সামনে তার বাবার দোকানে যায়। দোকান থেকে বাড়ি ফেরার পথে সে নিখোঁজ হয়। এরপর অনেক সন্ধান করেও নাহিদার কোনো খোঁজ পাওয়া যায়নি। স্থানীয় সূত্র জানায়, গতকাল সকালে বাড়ি থেকে চার-পাঁচ শ গজ দূরে পুকুরপাড়ের বাঁশঝাড়ের দিক থেকে পচা গন্ধ বের হচ্ছিল। পরে বাড়ির লোকজন সেখানে গিয়ে গলিত লাশটি দেখতে পায়। পরিবারের লোকজন লাশের পরনে থাকা জামা দেখে লাশটি শনাক্ত করেন। বেগমগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আমজাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘লাশটি অনেকটাই পচে গেছে। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কাউকে সুনির্দিষ্টভাবে সন্দেহ করা হয়নি। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করেছি।’পুলিশ জানায়, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।