নোয়াখালীতে নিষিদ্ধ পলিথিনের ছড়াছড়ি
নোয়াখালীর হাটবাজারগুলোতে হাত বাড়ালেই মিলছে নিষিদ্ধ পলিথিনের ব্যাগ। পাড়া, মহল্লা ও বাজারের দোকানগুলোতে ক্রেতাদের পলিথিনের ব্যাগে করে পণ্যসামগ্রী দেওয়া হচ্ছে। বেগমগঞ্জের চৌমুহনীতে গড়ে ওঠা কয়েকটি কারখানায় প্রকাশ্যেই এই ব্যাগ উৎপাদন করা হচ্ছে। অবাধে নিষিদ্ধ পলিথিনের ব্যাগ ব্যবহারের ফলে একদিকে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, অন্যদিকে এগুলো মানবস্বাস্থ্যের প্রতি সৃষ্টি করছে হুমকি। স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে সমঝোতা করে কিছু ব্যবসায়ী নিষিদ্ধ পলিথিন জেলার হাটবাজারগুলোতে সরবরাহ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কৃষি গবেষণা ইনস্টিটিউট নোয়াখালী কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আমিন জানান, পলিথিন কৃষিজমির উর্বরতা শক্তিও কমিয়ে দেয়। যে জমিতে পলিথিন ফেলা হয়, সেখানে শত চেষ্টা করেও ভালো ফলন সম্ভব নয়। কারণ, পলিথিনের কারণে ফসল মাটি থেকে খাবার সংগ্রহ করতে পারে না। নোয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ আব্দুস সালাম জানান, পলিথিনের ব্যাগ সরাসরি স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক নয়। তবে পলিথিনের ব্যাগে দীর্ঘদিন ধরে রাখা খাদ্যদ্রব্য খেলে মানুষের ক্যানসারের মতো জটিল রোগ হতে পারে।সরেজমিনে জেলা শহরের মাইজদী, পৌর ও সোনাপুর বাজার এবং সেনবাগ উপজেলা শহরের বাজার ও চৌমুহনীতে গিয়ে দেখা গেছে, ছোট-বড় সব দোকানের মালিক নিষিদ্ধ পলিথিনের ব্যাগে ভরে পণ্যসামগ্রী ক্রেতাদের হাতে তুলে দিচ্ছেন। মাইজদী বাজারের ব্যবসায়ী আমির বলেন, ‘নোয়াখালীর মধ্যে চৌমুহনীই হলো পলিথিনের বড় বাজার। সেখানে উৎপাদন করে পাইকারি বিক্রি করা হয়। আমরা সেখান থেকে পাইকারি প্রতি পাউন্ড ৭২-৭৫ টাকা দরে কিনে আনি। জেলা শহরের অনেক ব্যবসায়ী চৌমুহনী থেকে এনে এখানে পাইকারি বিক্রি করেন।’চৌমুহনীর সাটিহাটা বাজারের রহমত স্টোর, মা এন্টারপ্রাইজ, আজিজিয়া স্টোর, আনোয়ার স্টোরসহ সব দোকানেই নিষিদ্ধ পলিথিনের ব্যাগ বিক্রির জন্য সাজিয়ে রাখতে দেখা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক সাটিহাটা বাজারের এক ব্যবসায়ী বলেন, ‘সবাই তো বিক্রি করছেন। আমি বিক্রি না করলে অন্য একজন করবে।’ নিষিদ্ধ হওয়ার পরও পলিথিনের ব্যাগে খাদ্যসামগ্রী নিচ্ছেন কেন, এমন প্রশ্নের জবাবে জেলা শহরের সরকারি আবাসিক এলাকার বাসিন্দা মো. রাসেল বলেন, ‘অফিস থেকে বাসায় ফেরার সময় বাজার করি। ওই সময় কাছে ব্যাগ থাকে না। তাই দোকানিরা পলিথিন ব্যাগে করে খাদ্যসামগ্রী দিলে বাধ্য হয়ে নিতে হয়।’চৌমুহনীর বিভিন্ন এলাকায় অন্তত সাতটি পলিথিন উৎপাদনের কারখানা রয়েছে। এগুলো চৌমুহনী হকার্স মার্কেট, দক্ষিণ বাজার রামঠাকুর আশ্রমের গেট, একই বাজারের একটি চালকলের ভেতর; চক্কাপুলের কল্পনা প্রেসের উত্তর পাশ, প্রধান সড়কের জামান হোটেলের পেছনে প্রেস গলি, রেলস্টেশনের সামনে; ডেল্টা গেটসংলগ্ন জননী ও আনন্দ বাসস্ট্যান্ডের ভেতরে পশ্চিম পাশে গড়ে উঠেছে। রামঠাকুরের আশ্রমের ফটকসংলগ্ন পলিথিন কারখানার মালিক হোসেন মিয়া দাবি করেন, তাঁরা নিষিদ্ধ পলিথিনের ব্যাগ উৎপাদন করেন না। তাঁরা বেকারিসামগ্রী প্যাকেট করার জন্য পলিথিন উৎপাদন করেন। পাইকারি ও খুচরা বিক্রেতারা সেগুলো নিয়ে কার কাছে বিক্রি করেন তা তাঁরা জানেন না। পরিবেশ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মীর আবুল কাশেম মজুমদার জানান, ২০০৭ সালে সরকার রেণু পোনা পরিবহনের ৩৫ মাইক্রোন ও পণ্যের গুণগত মান ধরে রাখার জন্য ৫৫ মাইক্রোন পুরুত্বের পলিথিনের ব্যাগ উৎপাদনের অনুমতি দিয়েছে। কিন্তু নোয়াখালীর বিভিন্ন হাটবাজারে যে পলিথিনের ব্যাগ বিক্রি করা হচ্ছে, সেগুলোর পুরুত্ব ১৯ থেকে ২১ মাইক্রোন। জাতীয় সংসদে ২০১০ সালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইনটি পাস হয়। ওই আইনের ৬(ক) ধারা অনুযায়ী নিষিদ্ধ পলিথিন উৎপাদন, আমদানি ও বাজারজাতকরণের অপরাধে অনধিক দুই বছর কারাদণ্ড বা অনধিক দুই লাখ টাকা জরিমানা করা হবে। একইভাবে বিক্রি, বিক্রির জন্য প্রদর্শন, মজুদ, বিতরণ, বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের অপরাধে অনধিক এক বছর কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া হবে।পরিবেশ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মীর আবুল কাশেম মজুমদার বলেন, তাঁর কার্যালয়টি কিছুদিন আগে চালু করা হয়েছে। পাশাপাশি এখানে জনবলসংকটও রয়েছে। এর পরও তাঁরা প্রতি মাসে অন্তত দুটি অভিযান পরিচালনার চেষ্টা করেন। পুলিশ সুপার হারুন-উর-রশিদ হাযারী বলেন, স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারীদের কোনো সমঝোতার কথা তাঁর জানা নেই। এ ধরনের অভিযোগের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।