নোয়াখালীতে নৌকাডুবিতে শিশুসহ দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের মুছাপুর ক্লোজার এলাকায় গতকাল বুধবার বিকেলে ছোট ফেনী নদীতে নৌকাডুবিতে দুই ব্যক্তি মারা গেছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বী প্রথম আলোকে বলেন, গতকাল দুপুরের পর উপজেলার চরফকিরা ইউনিয়নের চরফকিরা আকবরিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ আনুমানিক ২০০ জন তিনটি বাসযোগে মুছাপুর ক্লোজার এলাকায় ভ্রমণে আসেন। বিকেল সাড়ে চারটার দিকে শিক্ষার্থী, অভিভাবকসহ ৪০-৫০ জন একটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে ছোট ফেনী নদীতে ঘুরতে যান। একপর্যায়ে প্রবল বাতাসে ট্রলারটি উল্টে ডুবে যায়।

ওসি জানান, এ ঘটনায় কামরুন্নাহার ফেন্সী (২৪) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর বাড়ি চরফকিরা এলাকায়। ধারণা করা হচ্ছে, তিনি কোনো শিক্ষার্থীর অভিভাবক। এ ছাড়া পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে আরও এক শিশুর লাশ উদ্ধার করে পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গেছেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত একজন নিখোঁজ রয়েছেন। অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তিনি জানান, এ ঘটনায় নিখোঁজ শিশুকে উদ্ধারে চাঁদপুর থেকে ডুবুরি আনা হচ্ছে।

পুলিশ জানায়, নৌকাডুবিতে চরফকিরা আকবরিয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী রোকসানা আক্তার (১১) নিখোঁজ রয়েছে।

তবে মুছাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, এখনো তিনজন নিখোঁজ আছেন।

ছোট ফেনী নদীতে ২০১৫ সালে প্রায় ১ হাজার ১০০ মিটার দীর্ঘ ‘মুছাপুর ক্লোজার’ (পানিপ্রবাহ বন্ধের বিশেষ ব্যবস্থা) নির্মাণ করা হয়। ক্লোজারের দুপাশে প্রাকৃতিক দৃশ্য দেখতে প্রতিদিন সেখানে হাজারো মানুষ জড়ো হয়।