নোয়াখালীতে পাঁচ মাদকসেবীর সাজা
নোয়াখালী শহরের একটি গেস্টহাউস থেকে পাঁচ মাদকসেবীকে আটক করে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের আদেশের পর সন্ধ্যায় দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিদের জেলা কারাগারে পাঠানো হয়। তাঁরা হলেন শহরের মধুসূদনপুরের ফজলে আজিম, আবদুর রহমান ও মাহফুজুর রহমান এবং কোম্পানীগঞ্জ উপজেলার মানিকপুর গ্রামের রিয়াজ মাহমুদ ও চরযাত্রা গ্রামের আবদুর রহিম।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান সাদিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাশেদুজ্জামান প্রথম আলোকে বলেন, শহরের শহীদ ভুলু স্টেডিয়ামসংলগ্ন একটি গেস্টহাউসে দীর্ঘদিন ধরে মাদকের বেচাকেনা এবং মাদকের আসর বসানো হচ্ছে—এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় গেস্টহাউস থেকে মদ্যপ অবস্থায় পাঁচ যুবককে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আটক যুবকদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেন।