নোয়াখালীতে পাঁচতলা ভবন হেলে পড়েছে
নোয়াখালী শহরের গাজীপাড়ার কানু গাজীর মসজিদ রোডের পাশে নির্মাণাধীন একটি পাঁচতলা ভবন পাশের আরেকটি ভবনের ওপর হেলে পড়েছে। হেলে পড়া ভবনটির বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এ ঘটনায় ওই দুই ভবনসহ আশপাশের বাসিন্দারা ঝুঁকি ও আতঙ্কের মধ্যে আছে। খবর পেয়ে গত বুধবার পুলিশ ও পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।জানা গেছে, হেলে পড়া ভবনটির মালিক এ কে এম মোহাম্মদ উল্লা চৌধুরী। তিনি সোনালী ব্যাংকের মাইজদী কোর্ট শাখায় কর্মরত। পৌরসভা থেকে চারতলা ভবনের নকশা অনুমোদন নিয়ে প্রায় ১০ বছর আগে নির্মাণকাজ শুরু করেন। প্রথম পর্যায়ে দুই তলা, পরে গত বছর আরও তিন তলার নির্মাণকাজ শুরু করেন। ওপরের তিন তলার নির্মাণকাজ এখনো শেষ হয়নি। গত মঙ্গলবার থেকে ভবনটি পূর্ব পাশের আরেকটি ভবনের দিকে কিছুটা হেলে যায়। গতকাল বৃহস্পতিবার পৌর কর্তৃপক্ষ এক নোটিশের মাধ্যমে জরুরি ভিত্তিতে অনুমোদনহীন পঞ্চম তলা ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে। মোহাম্মদ উল্লা বুধবার বিকেলে প্রথম আলোকে জানান, সোনালী ব্যাংক থেকে ২০ লাখ টাকা ঋণ নিয়ে তিনি ভবনটি নির্মাণ করছেন। চারতলার অনুমোদন নিয়ে পাঁচতলা করা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি পঞ্চম তলার অনুমোদনের জন্য পৌরসভার কাছে আবেদন করেছি। সেটি অনুমোদনের অপেক্ষায় আছে।’ নির্মাণকালে ১০-১২ ফুট গর্ত করে পিলার তোলা হয়েছিল বলে জানান মোহাম্মদ উল্লা। তিনি দাবি করেন, শুধু তাঁর ভবনই নয়, পাশের ভবনটিও তাঁর ভবনের দিকে হেলে গেছে। তিনি ও তাঁর পরিবার এখনো ওই ভবনের দ্বিতীয় তলায় অবস্থান করছেন।পাশের ভবনের (ফাতেমা মঞ্জিল) প্রবাসী বেলাল হোসেনের ছোট ভাই আবুল খায়ের জানান, গত মঙ্গলবার সকাল থেকে পাশের ভবনটি তাঁদের ভবনের দিকে হেলে পড়তে থাকে। গত বুধবার সকাল নাগাদ ভবনটি পুরোপুরি তাঁদের ভবনের ওপর হেলে পড়ে। এতে তাঁরা আতঙ্কে আছেন।সরেজমিনে গিয়ে দেখা গেছে, হেলে পড়া ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। প্রতিদিনই উৎসুক মানুষ সেখানে ভিড় করছে। নোয়াখালী পৌরসভার সহকারী প্রকৌশলী আবদুস সাত্তার ঘটনাস্থল পরিদর্শনের সময় প্রথম আলোকে বলেন, প্রায় ১০-১২ বছর আগে চারতলা ভবন নির্মাণের জন্য পৌরসভা থেকে নকশার অনুমোদন নেওয়া হয়েছে। কিন্তু করা হয়েছে পাঁচতলা, যা সম্পূর্ণ বেআইনি। হয়তো অতিরিক্ত চাপের কারণে ভবনটি হেলে পড়েছে। তবে পাশাপাশি দুটি ভবনই একটি অপরটির ওপর হেলে পড়ছে বলে তাঁর কাছে মনে হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাঁরা সরেজমিনে এসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। নির্মাণাধীন ভবনের মালিককে পাঁচতলার অংশটুকু ভেঙে ফেলার জন্য নোটিশ পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন সহকারী প্রকৌশলী। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি ভবন দুটির বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।