নোয়াখালীতে পানিতে ডুবে জমজ দুই ভাইয়ের মৃত্যু
নোয়াখালীর হাতিয়ায় পানিতে ডুবে জমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে হাতিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চরলটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. আরাফাত উদ্দিন ও মো. রিপাত উদ্দিন পৌরসভার দক্ষিণ চরলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ত। দুজনেরই বয়স ৬ বছর।
দুই শিশুর বাড়ি চরলটিয়া এলাকায়। বাবার নাম মো. সেলিম উদ্দিন।
প্রতিবেশী আবদুর রহিম বলেন, গতকাল বিকেল চারটার দিকে দুই ভাই বাড়ির পুকুর পাড়ে খেলতে যায়। বেশ কিছুক্ষণ ধরে তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে দুই ভাইয়ের লাশ ভেসে ওঠে।
জানতে চাইলে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আরিচুল হক মুঠোফোনে গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যুর খবর তিনিও শুনেছেন। এ বিষয়ে নিহত শিশুদের পরিবারের পক্ষ থেকে থানায় কিছু জানানো হয়নি।