নোয়াখালীতে অবরোধ-সমর্থকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ গুলি চালায়। এতে একজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হন। গতকাল শনিবার দুপুর পৌনে ১২টার দিকে শহরের রশিদ কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে ১৪টি গাড়ি ভাঙচুর করেছেন অবরোধ-সমর্থকেরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালীতে সকাল থেকে অবরোধকারীরা মাইজদী বাজার, শহীদ ভুলু স্টেডিয়াম, পৌর বাজার, রশিদ কলোনি, দত্তেরহাট, সোনাপুরসহ বিভিন্ন এলাকার সড়কে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমানের নেতৃত্বে পুলিশ অবরোধ সরাতে গেলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে শটগান থেকে ১৫টি ও চায়নিজ রাইফেল থেকে পাঁচটি গুলি ছোড়ে। এ সময় একজন গুলিবিদ্ধসহ কমপক্ষে পাঁচজন অবরোধ-সমর্থক আহত হন। গুরুতর আহত ছাত্রদলের কর্মী মো. রনিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সকাল থেকে পুলিশ শহরের বিভিন্ন স্থান থেকে অবরোধকারী সন্দেহে আটজনকে আটক করে।
জেলার সোনাইমুড়ী এলাকায় নোয়াখালী-কুমিল্লা মহাসড়কের বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি ফেলে অবরোধ করে রাখার কারণে গতকাল ঢাকা থেকে যাওয়া সংবাদপত্রের গাড়ি লক্ষ্মীপুর পৌঁছাতে পারেনি।
অবরোধকারীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার কথা নিশ্চিত করে নোয়াখালীর এসপি মো. আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে গেলে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় চায়নিজ রাইফেল থেকে পাঁচটি ও শটগান থেকে ১৫টি গুলি ছোড়া হয়।
এদিকে গতকাল বেলা তিনটার দিকে ছাত্রশিবিরের চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি কুতুব উদ্দিন শিবলীকে গ্রেপ্তারের প্রতিবাদে সীতাকুণ্ডের ছলিমপুর তুলাতলী জলিল গেট এলাকায় শিবিরের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। প্রায় একই সময়ে অবরোধের সমর্থনে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ফৌজদারহাট উড়ালসড়ক এলাকায় কাঠ ও টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। খবর পেয়ে পুলিশ সেসব স্থানে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পুলিশও কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে।
দুপুরে সীতাকুণ্ডের বিএমএ গেট, টোব্যাকো গেট, বানুর বাজার এলাকায় তিনটি ট্রাক ও ১১টি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেন অবরোধ-সমর্থকেরা। এ সময় তাঁদের ইটের আঘাতে অটোরিকশার চালক মো. ইয়ামিন (৩৫) ও ফরহাদ (২২) আহত হন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম (উত্তর) ট্রাফিক পরিদর্শক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘শিবিরের কর্মীরা সড়কে ওঠার চেষ্টা করলে আমরা তাঁদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দিয়েছি।’