নোয়াখালীতে পাল্টাপাল্টি হামলা ভাঙচুর আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর নোয়াখালীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ছাড়া বাড়িঘর ও দোকানপাটে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত এসব ঘটনা ঘটে। পাশাপাশি পাল্টা হামলা-ভাঙচুর ও কুপিয়ে আহত করার ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় পাঁচজন আহত হন।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে জামায়াত-শিবিরের কর্মীরা জেলার সেনবাগ বাজারে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাসমত উল্লা চৌধুরীর বাসায় হামলা চালানো হয়। হামলায় হাসমত উল্লা চৌধুরী (৬০) গুরুতর আহত হন। একই রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি আবদুল হকের বাড়িতে হামলা চালানো হয় এবং পরে বাড়ির সামনের দুটি দোকানে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া হামলা চালানো হয় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শওকত হোসেনের বাড়িতে।
স্থানীয় সূত্র জানায়, সেবারহাট বাজারে কমপক্ষে ১০-১২টি দোকানের সাটারে হামলা চালানো হয়। সন্ধ্যায় থানার মোড়ে জেলা ছাত্রলীগের নেতা আবছার হোসেনকে পিটিয়ে আহত করেন এবং চন্দেরহাটে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা-ভাঙচুর চালানো হয়। একই রাতে জামায়াত-শিবিরের ক্ষুব্ধ কর্মীরা চাটখিলের হালিমা দিঘির পাড়ে সড়কের গাছ কেটে অবরোধ সৃষ্টি করেন এবং একই স্থানে চৌমুহনী-চাটখিল আঞ্চলিক সড়ক কেটে ফেলেন।
সূত্র জানায়, কোম্পানীগঞ্জের বসুরহাট-কবিরহাট প্রধান সড়কের একটি বাজারে বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে বিএনপি ও জামায়াতের সমর্থকদের কমপক্ষে ১০টি দোকান ভাঙচুর ও তিনটি দোকানে অগ্নিসংযোগ করেন। একই রাতে চরহাজারী ইউনিয়নের হাজারীহাট বাজারে আওয়ামী লীগের কার্যালয় এবং পাঁচটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জ থানার পুলিশ সহিংসতার অভিযোগে জামায়াত ও শিবিরের চার কর্মীকে আটক করেছে।
স্থানীয় সূত্র জানায়, বেগমগঞ্জের গোপালপুর বাজারে বৃহস্পতিবার সাড়ে ১১টার দিকে ছয়টি দোকান পুড়িয়ে ফেলে দুর্বৃত্তরা। কাদের মোল্লার ফাঁসি কার্যকরের জের ধরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে স্থানীয় লোকজন অভিযোগ করেন।
স্থানীয় সূত্রের ভাষ্যমতে, গতকাল সকালে সেনবাগ বাজারে জামায়াত-শিবিরের মিছিল থেকে কয়েকজন কর্মী কাদরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি দন্ত চিকিৎসক আবদুল হাইকে (৫০) কুপিয়ে আহত এবং তাঁর মোটরসাইলে অগ্নিসংযোগ করেন। দুপুরে সোনাইমুড়ীর সোনাপুর বাজারে শাহদাৎ হোসেন ও রাজন নামে শিবিরের দুই কর্মীর পায়ের রগ কেটে দেয় স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা।
সেনবাগ, সোনাইমুড়ী, বেগমগঞ্জ ও কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) নিজ নিজ থানা এলাকার বিক্ষিপ্ত হামলা-ভাঙচুরের ঘটনা নিশ্চিত করেছেন।
ফেনীতে সরকারি কার্যালয় ব্যাংক ও গাড়িতে আগুন: স্থানীয় ও প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রের বরাত দিয়ে নিজস্ব প্রতিবেদক, ফেনী জানান, জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার পর জামায়াত-শিবিরের কর্মীরা গত বৃহস্পতিবার রাতে সরকারি কার্যালয় ও গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেন।
স্থানীয় সূত্র জানায়, রায় কার্যকর করার পর ফেনীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিতরণ) নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, পানি উন্নয়ন বোর্ডের রেস্টহাউস, টেলিফোন ভবন ও মার্কেন্টাইল ব্যাংকে অগ্নিসংযোগ করা হয়। রাতে দুর্বৃত্তরা মহিপালের পাশে ফেনী পল্লী বিদ্যুৎ কার্যালয়ে হামলার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে এবং কয়েকটি শটগানের গুলি ছোড়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুর্বৃত্তরা ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফাজিলপুর রেলস্টেশনে অগ্নিসংযোগ করে কন্ট্রোল প্যানেল (সিগন্যাল বক্স) সম্পূর্ণ পুড়িয়ে দেয়। গতকাল শুক্রবার সকালে ও বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাসের মহিপাল থেকে লালপুল পর্যন্ত আটটি ট্রাক, তিনটি কাভার্ড ভ্যান, দুটি যাত্রীবাহী বাস, তিনটি প্রাইভেট কার, তিনটি সিএনজিচালিত অটোরিকশাসহ কমপক্ষে ১৯টি গাড়িতে অগ্নিসংযোগ ও ৮-১০টি গাড়ির কাচ ভাঙচুর করা হয়। এ সময় মহিপাল হাইওয়ে থানার সামনে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, কিছু দুর্বৃত্ত বৃহস্পতিবার রাতে ও গতকাল সকালে এবং দুপুরে অতর্কিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ত্রাসের সৃষ্টি করে। তারা মহিপাল ফিলিং স্টেশন, ফেনী পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে এবং রামপুর রাস্তার মাথা ও লালপুলে বেশ কিছু গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের দেবীপুর নামক স্থানে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম থেকে তুলাবোঝাই একটি ট্রাক ঢাকা যাওয়ার পথে দুর্বৃত্তরা পেট্রলবোমা ছুড়ে মারে। এতে ট্রাকে আগুন ধরে যায় এবং তুলাসহ ট্রাকটি পুড়ে যায়।
এ সময় ট্রাকচালকের সহকারী (হেলপার) মো. সেলিমের মুখমণ্ডল, মাথা, বুক ও হাতসহ শরীরের ওপরের অংশ ঝলসে যায়। তাঁকে দ্রুত ফেনী সদর হাসপাতালের ভর্তি করা হয়েছে। তিনি চট্টগ্রামের আগ্রাবাদ ছোট পোল এলাকার আবদুল মালেকের ছেলে।