নোয়াখালীতে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী শহরের শ্রীপুর এলাকার একটি পুকুর থেকে গতকাল শনিবার দুপুরে মো. সুজন (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে সুধারাম থানা-পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত সুজন ওই এলাকার আবুল কালামের ছেলে বলে পুলিশ জানিয়েছে। পরে পুলিশ নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত সুজনের ভাই জাহাঙ্গীর আলমের বরাত দিয়ে ঘটনাস্থল পরিদর্শনকারী সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, শুক্রবার রাত ১০টার দিকে সুজন বাড়ি থেকে বের হন। এরপর রাতে আর বাড়ি ফিরে যাননি।
পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। পরে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে একই এলাকার মনু মিয়ার পুকুরে সুজনের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। এরপর পুলিশ গিয়ে বেলা একটার দিকে নিহত সুজনের ভাই জাহাঙ্গীরকে দিয়ে পুকুর থেকে লাশ উদ্ধার করে। এসআই মোশারফ হোসেন বলেন, লাশের দেহে আঘাতের কোনো চিহ্ন নেই। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে তা-ও নিশ্চিত হওয়া যায়নি। তাই লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সুধারাম থানার ওসি মোশারফ হোসেন তরফদার বলেন, সুজন এলাকায় বিভিন্ন মানুষের পুকুর থেকে মাছ ধরতেন। শুক্রবার রাতেও মাছ ধরতে গিয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।