নোয়াখালীতে পুলিশ-ছাত্রদল সংঘর্ষ, আহত ২০
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে আজ রোববার সকাল থেকে পুলিশের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া চলছে। সকাল সাড়ে ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় কয়েকজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রদলের কর্মীরা বসুরহাট বাজারে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বসুরহাট বাজারের কালামিয়া ম্যানশন অতিক্রম করার সময় পুলিশ মিছিলকারীদের ধাওয়া করে। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শর্টগানের গুলি ছুড়লে সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করে। ছাত্রদলের কর্মীরা এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন ও বেশ কিছু ককটেলের বিস্ফোরণ ঘটান। তাঁরা বাজারের কয়েকটি দোকানে ভাঙচুর চালান। দুপুর সাড়ে ১২টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত বসুরহাট বাজারের বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে ছাত্রদলের কর্মীদের বিক্ষিপ্ত সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া চলছে।
নোয়াখালী সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিষ্কৃতি চাকমা প্রথম আলো ডটকমকে সংঘর্ষ ও পুলিশের শর্টগানের গুলি ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি বিস্তারিত কিছু জানাতে পারেননি।
উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই সেলিম প্রথম আলো ডটকমকে বলেন, পুলিশ ছাত্রদলের মিছিলে বিনা উসকানিতে হামলা ও গুলি চালিয়েছে। এখনো সংঘর্ষ চলছে।