নোয়াখালীতে পুলিশের অভিযানে ৫৭ জন গ্রেপ্তার
নোয়াখালীতে গত শনিবার দিবাগত রাতে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন থানা এলাকা থেকে আরও ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয় ৬৪ জনকে।এ নিয়ে গত দুই দিনে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ১২১ জন। গ্রেপ্তারকৃতদের বেশির ভাগই বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, শনিবার রাতে অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে সোনাইমুড়ী থানায় ১২ জন, বেগমগঞ্জ থানায় পাঁচজন, সুধারাম থানায় নয়জন, হাতিয়া থানায় ১০ জন, সেনবাগ থানায় চারজন, চাটখিল থানায় একজন, কবিরহাট থানায় সাতজন, সুবর্ণচরের চরজব্বার থানায় চারজন এবং কোম্পানীঞ্জ থানা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।বিশেষ অভিযানের কথা নিশ্চিত করে পুলিশ সুপার (এসপি) হারুন-উর-রশিদ হাজারী বলেন, কিছুদিন পর পরই এ ধরনের বিশেষ অভিযান চালানো হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারকৃতদের গতকাল রোববার আদালতে পাঠানো হয়।