নোয়াখালীতে পুলিশের বাধায় মিছিল করতে পারেনি বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী শহরে গতকাল সোমবার বিএনপির একটি বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় ভণ্ডুল হয়ে গেছে। দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের বিরুদ্ধে মামলার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে মিছিলটি বের করা হয়েছিল। গত রোববার রাতে বিএনপির আরেকটি মিছিলে আওয়ামী লীগের হামলায় কয়েকজন নেতা-কর্মী আহত হন বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। জেলা বিএনপির নেতা-কর্মীরা গতকাল দুপুরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরে ঢোকার মুখে পুলিশ বাধা দেয়। পরে পৌর বাজারের সামনে বিক্ষোভ ও সমাবেশ করেন বিএনপির নেতা-কর্মীরা। সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি এ বি এম জাকারিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন গোলাম হায়দার, শহিদুল ইসলাম, কামাক্ষা চন্দ্র দাস, লিয়াকত আলী খান প্রমুখ। এদিকে, রোববার রাতে হামলার অভিযোগ তুলে উপজেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বলেন, তাঁরা শান্তিপূর্ণ মিছিল করার সময় আওয়ামী লীগের ২০-২৫ কর্মী লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এ সময় বিএনপির কর্মীদের পাঁচটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয় বলে জানান বিএনপির নেতারা। হামলার অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মফিজ উল্লা দাবি করেন, বিএনপির মিছিলে কোনো হামলা হয়নি।তবে বকবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ পাল জানান, বিএনপি রোববার রাতে মিছিল বের করলে আওয়ামী লীগের কর্মীরা ধাওয়া করেন। কিন্তু এতে কেউ আহত হয়নি। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে, গতকালের মিছিলে পুলিশি বাধা সম্পর্কে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, মিছিলটি শহরে ঢুকতে দিলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা ছিল। তাই বাধা দেওয়া হয়।