নোয়াখালীতে পুলিশের বিশেষ অভিযানে আটক ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিলে পুলিশের বিশেষ অভিযানে পাঁচটি ইউনিয়ন থেকে ২৯ জনকে আটক করা হয়েছে। গত শুক্রবার রাতভর এ অভিযান চলে। আটক ব্যক্তিদের মধ্যে ২৫ জনকে গতকাল শনিবার দুপুরে নোয়াখালীর বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। তাঁদের মধ্যে বিএনপির দুজন, জামায়াত-শিবিরের চারজন ও ছাত্রলীগের দুজন কর্মী রয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া বাকিরা বিভিন্ন মামলার আসামি। এ ছাড়া স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীদের থানার সামনে অবস্থান গ্রহণের মুখে কয়েকজনকে থানা থেকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।তবে, থানার সামনে অবস্থান ও চাপের মুখে কয়েকজনকে ছেড়ে দেওয়ার অভিযোগ ঠিক নয় বলে দাবি করেছেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল। তিনি গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিদের মধ্যে চারজনকে ছেড়ে দেওয়া হয়েছে। কারণ, তাঁদের কাছে আদালতের জামিননামা ছিল। আর বাকিদের আদালতে পাঠানো হয়েছে। ওসি জানান, আটকের তালিকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন থাকায় তাঁরা থানায় এবং থানার সামনে কিছু সময় হইচই করেছিলেন। কিছুক্ষণ অবস্থানের পর আবার সরে গেছেন। থানা সূত্রে জানা গেছে, চিহ্নিত সন্ত্রাসী এবং বিভিন্ন অপরাধ প্রবণতার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তারের উদ্দেশ্যে গত শুক্রবার রাত ১২টার পর ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) মাহবুবুর রশীদের নেতৃত্বে ওই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যরা পাঁচটি দলে ভাগ হয়ে একযোগে উপজেলার সাহাপুর, রামনারায়ণপুর, নোয়াখোলা, খিলপাড়া ও হাটপুকুরিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ২৯ জনকে আটক করে।