নোয়াখালীতে পুড়ে গেছে ৫০ দোকান
নোয়াখালী শহরের প্রধান সড়কের পাশে ও সংলগ্ন হকার্স মার্কেটে আজ সোমবার ভোররাতে আগুন লেগে প্রায় ৫০টি দোকান পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় ৫০ কোটি টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভোররাত পৌনে চারটার দিকে আগুন লাগে। খবর পেয়ে দমকল বাহিনীর মাইজদী, চৌমুহনী ও সোনাইমুড়ীর পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এ ঘটনায় প্রায় ৫০টি দোকান পুড়ে গেছে।
সুধারাম (সদর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাত পৌনে চারটার দিকে প্রধান সড়কের পাশের মহিন-জনতা মার্কেটের একটি দোকানে প্রথম আগুন দেখা যায়। নিমেষে তা আশপাশের দোকান ও পেছনে হকার্স মার্কেটে ছড়িয়ে পড়ে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন, আগুনে তাঁদের প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মনির হোসেন প্রথম আলোকে জানিয়েছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।