নোয়াখালীতে পৃথক ঘটনায় দুজন খুন, গ্রেপ্তার ২
নোয়াখালীতে পৃথক ঘটনায় দুই ব্যক্তি খুন হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় জেলার বেগমগঞ্জ উপজেলার পশ্চিম নরোত্তমপুর ও গত মঙ্গলবার বিকেলে সুবর্ণচর উপজেলার দুর্গম এলাকা চরকনকে ঘটনা দুটি ঘটে। এর মধ্যে চরকনকের ঘটনায় নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে জুয়াখেলার টাকা নিয়ে নরোত্তমপুর ইউনিয়নের পশ্চিম নরোত্তমপুর গ্রামের গুড়া হাজী বেপারী বাড়ির মো. সালাউদ্দিন (৩৯) ও পাশের বাড়ির ফিরোজ আলমের (২২) মধ্যে তর্ক হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। এ সময় এলাকার মুরব্বিরা দুজনের তর্ক মিটিয়ে দিলেও কিছুক্ষণ পর ফিরোজ বাড়ি থেকে ধারালো অস্ত্র এনে সালাহউদ্দিনকে কুপিয়ে আহত করেন। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সালাহউদ্দিনের মৃত্যু হয়। সালাহউদ্দিন পশ্চিম নরোত্তমপুর গ্রামের মৃত বদিউল আলম চৌধুরীর ছেলে।যোগাযোগ করলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আহছানুল ইসলাম। তিনি গতকাল রাত সাড়ে আটটায় প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।অন্যদিকে মঙ্গলবার বিকেলে সুবর্ণচর উপজেলার মোহামঞ্চদপুর ইউনিয়নের দুর্গমচর চর কনকে গাছের ডাল ভাঙাকে কেন্দ্র করে একই এলাকার জাকের আহমদ ওরফে জাক্কা চোরা (৩৮) ও আবুল কাশেমের (৪২) মধ্যে তর্ক হয়। একপর্যায়ে জাকের একটি লাঠি দিয়ে কাশেমের মাথায় আঘাত করেন। এতে কাশেম গুরুতর আহত হন। ঘটনার পর স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও রাতে অবস্থার অবনতি দেখে তাঁকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গভীর রাতে তিনি মারা যান।জানতে চাইলে ঘটনাস্থল পরিদর্শনকারী চরজব্বার থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক গতকাল রাতে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় নিহতের ছেলে মো. সোহেল বাদী হয়ে থানায় জাকের আহমদসহ চারজনকে আসামি করে মামলা করেছেন। তাঁদের মধ্যে এজাহারভুক্ত আসামি আমানতের নেছা ও মো. ফারুককে সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়।