নোয়াখালীতে পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ২, আহত ৪
নোয়াখালী শহরের টাউনহল মোড়ে ও হরিনারায়ণপুর এলাকায় গতকাল সোমবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় এক নারীসহ দুজন নিহত এবং চারজন আহত হয়েছে। নিহত অপর ব্যক্তি হলেন ট্রাকচালক মহিন উদ্দিন (৩০)। তিনি বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের আবুল হাসেমের পুত্র।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ভোর চারটার দিকে সোনাপুর থেকে চৌমুহনী অভিমুখী একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে টাউনহল মোড়ে প্রধান সড়কের ওপর স্থাপিত বিলবোর্ডের খুঁটির ওপর আছড়ে পড়ে। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক মহিন উদ্দিন ঘটনাস্থলেই মারা যান।ঘটনার সত্যতা নিশ্চিত করে সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, তাঁরা খবর পেয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক উদ্ধার করে থানায় নিয়ে যান। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। অপরদিকে, বেলা সাড়ে ১১টার দিকে শহরের হরিনারায়ণপুর স্টেশনের দক্ষিণে রেলক্রসিং পার হওয়ার সময় একটি সিএনজিচালিত অটোরিকশা রেললাইনের ওপর বিকল হয়ে যায়। এ সময় অটোরিকশার চালকসহ চার যাত্রী লাফিয়ে প্রাণে রক্ষা পেলেও ভেতরে বসে থাকা অজ্ঞাতনামা এক নারী (৩৫) ঘটনাস্থলে নিহত হন। চৌমুহনী জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হালিম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে ট্রেনের চাপায় দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশাটি রেললাইনের পাশে পড়ে থাকতে দেখেন। তবে, নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।