নোয়াখালীতে পৃথক দুর্ঘটনায় নিহত ২
নোয়াখালীর সোনাইমুড়ীর বগাদিয়া ও বেগমগঞ্জের চৌমুহনীতে পৃথক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। গতকাল শুক্রবার দুর্ঘটনা দুটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে সোনাইমুড়ী উপজেলার বগাদিয়া বাজারে নোয়াখালী-কুমিল্লা সড়কের পাশ দিয়ে কিশোর মো. তারেক (১৫) সাইকেল চালিয়ে যাচ্ছিল। এ সময় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনার পর স্থানীয় লোকজন তিন-চারটি গাড়ি ভাঙচুর করে সড়ক অবরোধ করেন। এতে প্রায় আধা ঘণ্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোনাইমুড়ী থানার ওসি আবদুস সামাদ বলেন, তারেককে চাপা দেওয়ার পর স্থানীয় লোকজন পিকআপ ভ্যানটি আটক করেছেন। তবে চালক পালিয়ে গেছেন।
এদিকে গতকাল সকাল পৌনে নয়টার দিকে বেগমগঞ্জের চৌমুহনী রেলস্টেশনের দক্ষিণ পাশে ট্রেনে কাটা পড়ে আছিয়া বেগম (৫০) নামের এক ভিক্ষুক ঘটনাস্থলেই নিহত হন। চৌমুহনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই আবদুল হালিম বলেন, ওই নারী বেশ কিছুদিন ধরে চৌমুহনীতে ভিক্ষা করে আসছিলেন। গতকাল সকালে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় সোনাপুর থেকে লাকসাম অভিমুখী একটি ট্রেনে কাটা পড়ে তিনি ঘটনাস্থলে নিহত হন।