নোয়াখালীতে পৃথক সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী কলেজ, আমিশাপাড়া বাজার এবং সেনবাগ বাজারে ছাত্রলীগ-ছাত্রশিবির, ছাত্রদল-ছাত্রশিবির ও ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে মিছিল করার সময় এসব সংঘর্ষ হয়। এতে তিনটি ছাত্রসংগঠনের অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। সেনবাগে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পাঁচ কর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে সোনাইমুড়ীর আমিশাপাড়ার খলিলুর রহমান ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর উদ্বোধনী ক্লাসে নবাগত ছাত্রদের শুভেচ্ছা জানানো শেষে পর্যায়ক্রমে ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্রলীগ স্থানীয় বাজারে মিছিল করে। ছাত্রশিবিরের মিছিলের পাশ দিয়ে ছাত্রলীগের মিছিল যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে সংঘর্ষ বেধে গেলে বাজারের সাত-আটটি দোকান ও একটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। পরে সোনাইমুড়ী থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে বাজারে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। আহত ছাত্রদের মধ্যে দুজনকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি ইবনে ওয়াজেদ বলেন, ছাত্রলীগের মিছিলে ছাত্রশিবিরের কর্মীরা অতর্কিতে হামলা চালান। এতে তাঁদের সংগঠনের তিন-চারজন কর্মী আহত হন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রশিবিরের আমিশাপাড়া শাখার সভাপতি আফলুল কায়েছার বলেন, ছাত্রলীগই প্রথমে বিনা উসকানিতে তাঁদের মিছিলে হামলা চালায়।এদিকে, নবাগত ছাত্রদের শুভেচ্ছা জানিয়ে সোনাইমুড়ী ডিগ্রি কলেজে ছাত্রদলের টানানো ব্যানার কে বা কারা ছিঁড়ে ফেলে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রশিবিরের কর্মীরা ক্যাম্পাসে তাঁদের সংগঠনের ব্যানার টানাতে গেলে ছাত্রদলের কর্মীদের সঙ্গে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে ছাত্রদলের একদল কর্মী শিবিরের কলেজ শাখার সভাপতি ফরহাদ হোসেন, মো. রাসেল ও মো. শাওনকে মারধর করেন। এ সময় পাল্টা হামলায় ছাত্রদলেরও দু-তিনজন আহত হন। খবর পেয়ে সোনাইমুড়ী থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) আকরাম হোসেন বলেন, আমিশাপাড়া বাজারে গুলি বা বোমাবাজি নয়, ইটপাটকেল নিক্ষেপ ও পটকা ফোটানোর শব্দ হতে পারে। আমিশাপাড়া বাজার ও সোনাইমুড়ী কলেজ—দুই জায়গাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।অন্যদিকে, নবাগত ছাত্রদের শুভেচ্ছা জানানো শেষে দুপুর ১২টার দিকে সেনবাগ সরকারি কলেজ থেকে ছাত্রদলের একটি মিছিল পৌর শহরের দক্ষিণ বাজারে আসে। এ সময় মিছিলের সামনে থাকা নিয়ে দুই পক্ষের তর্কের একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে চার-পাঁচজন আহত হন। পরে দলের জ্যেষ্ঠ নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উপজেলা ছাত্রদলের সভাপতি সাহেবউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দলের শান্তিপূর্ণ মিছিলে অপ্রীতিকর ঘটনা সৃষ্টি করায় পাঁচ কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন—মামুন, করিম, মোরশেদ, পাভেল ও মাসুদ রানা।